লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা
লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্বমান্দারী গ্রামে বুধবার যুবদল নেতা ও ইউপি চেয়ারম্যানের পিটুনিতে নিহত হয়েছে স্থানীয় ওয়ার্ড যুবলীগ নেতা সিরাজ (৩৫)। ঘটনা ধামাচাপা দিতে তড়িঘড়ি করে বৃহস্পতিবার সকালে নিহতের লাশ দাফন করা হয় বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্র জানায়, সিরাজের বিরুদ্ধে সদর উপজেলার দালালবাজারে মাছ চুরির অভিযোগ এনে স্থানীয় বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক তাকে বেধড়ক পিটুনি দিয়ে মান্দারী ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা যুবদল সভাপতি মাহমুদুল করিম দিপুর কাছে সোপর্দ করেন। এরপর দিপু তার বোর্ড অফিসে প্রকাশ্যে তার ওপর অমানুষিক নির্যাতন চালান। নির্যাতনে অচেতন সিরাজকে পরে পাঠিয়ে দেয়া হয় পূর্ব মান্দারীতে অবস্থিত শ্বশুরালয়ে। সেখানেই রাত ১০টার দিকে মারা যান তিনি। স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ সিরাজকে মান্দারী ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি হিসাবে দাবি করেছে।
বৃহস্পতিবার সকালে দিপুর সঙ্গীরা তড়িঘড়ি করে লাশটি দাফন করে। তবে সদর থানার ওসি আবু নাছের জানিয়েছেন, ময়না তদন্তের জন্য আদালতের নির্দেশ নিয়ে শুক্রবার কবর থেকে লাশটি তোলা হবে।
এদিকে, বৃহ¯পতিবার বিকেলে সদর উপজেলার চরশাহী গ্রামে বিএনপি সমর্থিত সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে যুবলীগ নেতা শাহাদাত হোসেনের (৩০) হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দিয়েছে। সন্ত্রাসী মিল্লাদ, মামুন, কামাল, ইব্রাহিম, ছোট সোলায়মান ও শেকুসহ ১০/১২ জন সশস্ত্র সন্ত্রাসী বোনের বাড়ি থেকে তাকে তুলে নিয়ে শরীরের বিভিন্ন অংশ থেতলে দেয়। চন্দ্রগঞ্জ ফাঁড়ি পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। জেলা আওয়ামী লীগ ও যুবলীগ এ ঘটনার জন্য দায়ী বিএএনপি কর্মীদের শাস্তি দাবি করেছে।
