২০০৭ এ টেলিকম খাতে আয় হবে ৯৬০০০ কোটি টাকা
বিশ্বব্যাপী টেলিকম খাতে আয়ের পরিমাণ ২০০৭ সালের শেষে ৯৬ হাজার ২০০ কোটি টাকা বা এক দশমিক ৩০ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি ভিত্তিক ইনসাইট রিসার্চ কর্পোরেশন ‘বুনটন’ এই ভবিষ্যদ্বাণী করেছে।
ভয়েজ ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) টেলিকম খাতে আয়ে মূল ভূমিকা রাখলেও তারবিহীন যোগাযোগ প্রযুক্তি এই খাতে প্রাধান্য বিস্তার করছে।
ইনসাইট রিসার্চ কর্পোরেশনের সভাপতি রবার্ট রোজেনবার্গ বলেন, “টেলিযোগাযোগ শিল্প গত কয়েক বছরের দুঃসময় কাটিয়ে উঠে আবারো তাদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। ব্রডব্যান্ড নেটওয়ার্ক স্থাপনের ফলে এ শিল্পের সামনে নতুন ধরনের সেবা প্রদানের পথ খুলে যাচ্ছে।”
রোজেনবার্গ আরও বলেন, “টেলিযোগাযোগ শিল্পের এই প্রচেষ্টা পূর্ণোদ্যমে এগিয়ে চললেও ইন্টারনেট প্রটোকল সেবা খাত থেকে আয়ের পরিমাণ মাঝারি থাকবে বলে অনুমান করা হচ্ছে।”
তিনি বলেন, “ভিওআইপি খাত এখনও আধিপত্য বিস্তার করে আছে এবং তা আরও কিছু দিন চলবে।”
বাজারের প্রবণতা সংক্রান্ত ‘দি ২০০৭ ইন্ডাস্ট্রি রিভিউ-অ্যান অ্যানথোলজি অর মার্কেট ফ্যাক্টস অ্যান্ড ফোরকাস্টস’ শীর্ষক ওই প্রতিবেদনে ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রডব্যান্ড ও ন্যারোব্যান্ডের বাজারের অংশবিশেষ তার ও তারবিহীন যোগাযোগ প্রযুক্তি খাত থেকে আয় ও সম্ভাব্য আয় বিশ্লেষণ করে দেখানো হয়েছে।
এতে বলা হয়, উল্লিখিত সময়ে তারবিহীন ব্রডব্যান্ড প্রযুক্তি ৬০ শতাংশ সমন্বিত বার্ষিক প্রবৃদ্ধি অর্জন করলেও তারযুক্ত ব্রডব্যান্ড প্রযুক্তি অর্জন করেছে ১০ শতাংশের কিছু বেশি।
অন্যদিকে, এ সময় তারযুক্ত ন্যারোব্যান্ড প্রযুক্তি খাতে প্রবৃদ্ধি এক দশমিক ৪০ শতাংশ পর্যন্ত কমে গেলেও তারবিহীন ন্যারোব্যান্ড প্রযুক্তি ২০১০ সাল নাগাদ প্রায় আট শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করবে বলে প্রতিবেদনে দেখানো হয়।
এতে আরও বলা হয়, ২০১০ সাল নাগাদ টেলিযোগাযোগ খাতে ১১ লাখ ৮৪ হাজার কোটি টাকা বা এক দশমিক ৬০ ট্রিলিয়ন আয়ের ৫০ শতাংশই আসবে ন্যারোব্যান্ড তারবিহীন প্রযুক্তি থেকে।
অপরদিকে একই সময়ে তারযুক্ত ন্যারোব্যান্ড প্রযুক্তি থেকে আয়ের পরিমাণ হবে মোট আয়ের ২৮ শতাংশ।
ব্রডব্যান্ড সেবার চাহিদার কারণে এ প্রবৃদ্ধি অর্জিত হবে। এই চাহিদা মেটাতে সেবা প্রদানকারীরা নতুন ধরনের ইন্টারনেট প্রটোকল সেবা প্রদানের লক্ষ্যে একটি লাগসই ব্যবসায়িক মডেল খুঁজে বের করার চেষ্টা করছে।
এর মধ্যে রয়েছে ঘরে বসে ভিডিও টেলিফোনি, ফিক্সড মোবাইলের মাধ্যমে আলোচনা সভা আয়োজন, ফাইল শেয়ার/ডাউনলোড, অডিও/ভিডিও দেখা ও শোনা, স্থানভিত্তিক ও উপস্থিতিভিত্তিক সেবা ইত্যাদি প্রদানের সুবিধা।
