চৌমুহনীতে অস্ত্র কারখানার সন্ধান, গ্রেপ্তার ৩
চৌমুহনীতে আগ্নেয়াস্ত্র তৈরির সন্ধান পেয়েছে বেগমগঞ্জ থানা পুলিশ। বুধবার গভীর রাতে সেখানে হানা দিয়ে অস্ত্র তৈরির সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন জানান, চৌমুহনীর পূর্ব বাজারের এন আমিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপটিতে অস্ত্র তৈরি হয় বলে খবর পেয়ে তারা বুধবার রাত ২টায় সেখানে অভিযান চালান। এ সময় সালাহউদ্দীন (২৪) নামে এক ব্যক্তি রিভলভার তৈরি করছিল। পুলিশ তাকে গ্রেপ্তার করে ওয়ার্কসপে তল্লাশি চালিয়ে একটি বিদেশি রিভলভার, ১০টি রিভলভার তৈরির বডি এবং ম্যাগজিন উদ্ধার করে।
এরপর সালাহউদ্দিনের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত আড়াইটার দিকে পুলিশ বেগমগঞ্জ উপজেলার সরবরাহকারী ছাত্রদল কর্মী রহমতউল্যা ওরফে সোহেল (২৩) এবং তার ভাই হেদায়েত উল্যা ওরফে মনুকে (২৬) গ্রেপ্তার করে।
এসময় পুলিশ সোহেলের ঘর থেকে একটি একনলা বন্দুক, একটি পাইপগান, তিনটি এলজি, একটি রিভলবার, একটি চাকু, চার রাউন্ড কার্তুজ ও পাঁচ রাউন্ড বুলেট উদ্ধার করে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে দুটি মামলা করা হয়েছে। পুলিশ সুপার লুৎফর রহমান মন্ডল বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রুহুল আমিন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বড় ধরনের নাশকতার জন্য এ অস্ত্র ব্যবহার করা হতো বলে পুলিশ ধারণা করছে।
