২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদোন্নতি বঞ্চিত তিন শতাধিক জ্যেষ্ঠ কর্মকর্তার ভাগ্য অনিশ্চিত

জোট সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত বিভিন্ন পর্যায়ের তিন শতাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা তত্ত্বাবধায়ক সরকারের সময়ও বঞ্চিত হতে যাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2006, 04:17 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

মূলত শিক্ষাগত যোগ্যতায় ঘাটতি থাকায় এসব কর্মকর্তা তৎকালীন সরকার প্রণীত পদোন্নতি নীতিমালার ‘মারপ্যাঁচে’ পড়ে পদোন্নতি বঞ্চিত হয়েছিলেন বলে জানা গেছে।

তবে একই নীতিমালায় যোগ্য বিবেচিত হওয়ায় বিভিন্ন পর্যায়ের প্রায় ২৮০ জন বঞ্চিত কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তত্ত্বাবধায়ক সরকার।

সংস্থাপন সচিব এএফএম সোলায়মান চৌধুরী এ প্রসঙ্গে বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “পদোন্নতি নীতিমালা সংশোধন করা তত্ত্বাবধায়ক সরকারের এখতিয়ারে নেই। কারণ এটা ‘রুটিন ওয়ার্ক’ নয়। ফলে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা জ্যেষ্ঠ হওয়া সত্ত্বেও তাদেরকে পদোন্নতি দেওয়া সম্ভব হচ্ছে না।”

অন্যদিকে ‘রুটিন ওয়ার্ক’ হিসেবে পদোন্নতি বঞ্চিত যোগ্য কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার উদ্যোগ নিয়েছে তত্ত্বাবধায়ক সরকার।

এ ব্যাপারে ইতোমধ্যেই সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) এর দুটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং আরও অন্তত ১৩টি বৈঠকের প্রয়োজন রয়েছে বলে সংস্থাপন সচিব জানান।

সচিব বলেন, “১৯৭৩ থেকে শুরু করে ১৯৮৮ ব্যাচের পদোন্নতি বঞ্চিত যোগ্য কর্মকর্তাদের বিবেচনায় আনতে গিয়েই মূলত এতোগুলো বৈঠক করতে হচ্ছে।”

এক প্রশ্নের উত্তরে সংস্থাপন সচিব বলেন, “শূন্য পদ না থাকলেও এই যোগ্য কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হবে।”

ডিসেম্বর মাসের মধ্যে পদোন্নতি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন।

সংস্থাপন সচিব আরও জানান, পদোন্নতি বঞ্চিত যোগ্য কর্মকর্তাদের মধ্যে সচিব পদের জন্য ১০ জন, অতিরিক্ত সচিব পদে ৩০, যুগ্ম সচিব পদে ৪০ এবং উপসচিব পদের জন্য প্রায় ২০০ জন কর্মকর্তা রয়েছেন।

তবে সংস্থাপন সচিবের সঙ্গে দ্বিমত পোষণ করে সাবেক মন্ত্রিপরিষদ সচিব মুজিবুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “পদোন্নতি নীতিমালা পরিবর্তনের এখতিয়ার তত্ত্বাবধায়ক সরকারের আছে। কারণ এটাও ‘সাবসটেনটিভ রুটিন ওয়ার্ক’।”

মুজিবুল আরও বলেন, “আমি মনে করি পদোন্নতি নীতিমালায় শিক্ষাগত যোগ্যতার বিষয়টি বাদ দেওয়া প্রয়োজন। চাকরিতে যোগ দেওয়ার পর একজন কর্মকর্তার কাজের দক্ষতাসহ চাকরি সংক্রান্ত অন্যান্য বিষয় পদোন্নতির জন্য বিবেচনা করা উচিৎ।”