চট্টগ্রাম বন্দর থেকে অভ্যন্তরীণ পর্যায়ে পণ্য সঞ্চালন শুরু
দ্বিতীয় দফা অবরোধের তৃতীয় দিন পার হওয়ার পর বৃহস্পতিবার বন্দর থেকে অভ্যন্তরীণ পর্যায়ে পণ্য সঞ্চালন শুরু হয়েছে। ফলে সকাল থেকেই বন্দরে কিছুটা কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। তবে সিসিটি (চিটাগাং কন্টেইনার টার্মিনাল) এখনও সচল হয়নি।
পণ্য সঞ্চালন শুরুর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ১৪ দলের পূর্বঘোষিত বন্দর ভবন ঘেরাও কর্মসূচী স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার এই কর্মসূচী পালিত হওয়ার কথা ছিল।
ব্যবসায়ী মহলের বিশেষ অনুরোধে সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী অভ্যন্তরীণ পর্যায়ে বন্দর থেকে পণ্য সঞ্চালনের ক্ষেত্রে ছাড় দেওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে বন্দরের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসে। তবে বন্দর থেকে হস্তান্তরিত পণ্য চট্টগ্রাম শহরেই শুধু সরবরাহ করা যাবে। অর্থাৎ চট্টগ্রামের বাইরে এটা বন্ধ থাকবে। সীমিত পর্যায়ে হলেও বন্দর আংশিকভাবে সচল হওয়ায় আমদানী-রপ্তানিকারকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
এ ব্যাপারে চট্টগ্রাম চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি এসএম নুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, অবরোধের কারণে বন্দরের যে পরিস্থিতি দাঁড়িয়েছে তা এক কথায় শোচনীয়। ব্যবসায়ীরা বিদেশি ক্রেতাদের সিডিউল অনুযায়ী উৎপাদিত পণ্য রপ্তানি করতে না পারায় প্রতিদিন অন্তত ৫০০ কোটি টাকার ক্ষতি গুণতে হচ্ছে। শুধুমাত্র গার্মেন্টস খাতেই এই ক্ষতির পরিমাণ ২০০ কোটি টাকা।
নুরুল হক বন্দর থেকে অভ্যন্তরীণ পর্যায়ে পণ্য সঞ্চালন শুরু হওয়ায় কিছুটা স্বস্তি প্রকাশ করে বলেন, এতে বন্দরে সৃষ্ট তীব্র পণ্য জট কিছুটা হালকা হবে। কিন্তু বন্দরের ভিতরে-বাইরে যে নজিরবিহীন জাহাজ ও কনটেইনার জটের সৃষ্টি হয়েছে তা অবরোধ উঠে যাওয়ার পরবর্তী ১৫ দিনেও স্বাভাবিক হবে কিনা সন্দেহ।
বন্দর সচিব ফরহাদ উদ্দিন জানান, ১২ হাজার টিইইউস ধারণ ক্ষমতাসম্পন্ন ইয়ার্ডে বর্তমানে ১৮ হাজার টিইইউস কনটেইনার স্তুপীকৃত হয়ে আছে। বন্দরের জেটি ও বহির্নোঙ্গরে জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯টিতে। এর মধ্যে কনটেইনারবাহী জাহাজের সংখ্যা ২৮ টি।
