অস্ত্রমুক্ত ক্যাম্পাসের দাবি জানিয়েছে ঢাবি শিক্ষক সমিতি
অবিলম্বে ক্যাম্পাসকে অস্ত্রমুক্ত করে শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
বৃহস্পতিবার সকালে সমিতির সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে এই দাবি জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রচ্ছন্ন ছত্রছায়া ছাড়া অস্ত্রধারীরা থাকতে পারে না। প্রশাসনের চোখের সামনে অস্ত্রধারীরা মহড়া দিচ্ছে। এ কারণে শিক্ষক-শিক্ষার্থীসহ সবার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।
বক্তারা আরো বলেন, দলীয় দৃষ্টিভঙ্গিমুক্ত হয়ে পরিবেশ পরিষদের সভা আহবান করে সব ছাত্র সংগঠনের সহবস্থান নিশ্চিত করতে পারলেই ক্যাম্পাসে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে।
সমাবেশে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আখতারুজ্জামান, সভাপতি অধ্যাপক শরীফউল্লাহ ভূঁইয়া।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক হারুনÍঅর-রশিদ, অধ্যাপক রহমতউল্লাহ, অধ্যাপক সাদেকা হালিম, অধ্যাপক আর আই এম আমিনুর রশীদ, অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যাপক আব্দুস সালাম প্রমুখ।
এর আগে সকাল ১১টায় শিক্ষক সমিতি অপরাজেয় বাংলার সামনে থেকে একটি মৌন মিছিল বের করে। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
