অযৌক্তিক ও অপরিকল্পিত বদলির কারণে প্রশাসন স্থবির
সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা বা যৌক্তিক কোনো কাঠামো ধরে নিয়োগ, বদলি ও চুক্তি বাতিল-পুনর্বহাল চলছে না বলে পুরো প্রশাসনে এখন অস্থিরতা, নৈরাজ্য এবং স্থবিরতা বিরাজ করছে।
নামপ্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা এ মন্তব্য করে এই বার্তা সংস্থাকে বলেছেন, কীসের ভিত্তিতে কোন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটা নিয়ে যেমন প্রশ্ন থাকছে, এমনকি কে নিচ্ছেন তা-ও জানা যাচ্ছে না।
গত কয়েকদিন ধরে প্রতিদিনই সচিবালয়ে চলছে পদোন্নতি ও পদায়ন বঞ্চিতদের বিক্ষোভ। দুইদিন আগে সংস্থাপন সচিব এএফএম সোলায়মান চৌধুরীর ঘরে অবস্থান নিয়ে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অতি সত্ত্বর এ বিষয়গুলো সুরাহা করার দাবি জানান।
১৬ নভেম্বর গভীর রাতে যে ৪৩ জন উচ্চপদস্থ কর্মকর্তার চাকরিচু্যুতি হয়েছে তাদের অনেকেই খবরটি প্রথম পেয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর কাছ থেকে। গভীর রাতেই তাঁরা ফোন করেন এই বার্তা সংস্থার অফিসে।
সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও বর্তমান অর্থ উপদেষ্টা আকবর আলী খানসহ একাধিক উপদেষ্টা স্পষ্টভাবেই বলেছেন, বদলি, পদায়ন বা নিয়োগ সম্পর্কে তারা জানেন না। রাষ্ট্রপতির কাছেই সংস্থাপন মন্ত্রণালয়ের দায়িত্ব থাকায় এ বিষয়ে তিনি একাই সিদ্ধান্ত নিচ্ছেন বলে প্রশাসনের অনেক সূত্র মন্তব্য করছেন।
আবার অন্য একটি দায়িত্বশীল সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেছেন, বঙ্গভবন থেকে রাষ্ট্রপতির একজন ঘনিষ্ঠ বেসামরিক কর্মকর্তা বিভিন্ন পক্ষের (আওয়ামী লীগ, বিএনপি কখনো রাষ্ট্রপতি) কথা বলে বদলি ও নিয়োগ নিয়ন্ত্রণ করছেন।
একজন সচিব বলেছেন, প্রশাসনে পরিবর্তনের প্রায় প্রত্যেকটি ক্ষেত্রেই বর্তমান সরকার বিতর্কিত হয়েছে। দায়িত্ব নেওয়ার পরপরই প্রশাসনে রদবদল করার প্রথম পদক্ষেপ হিসেবে ৩০ অক্টোবর রাতে তত্ত্বাবধায়ক সরকার প্রধানমন্ত্রীর দপ্তরের মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকীসহ চুক্তিভিত্তিক ৯ সচিবের চুক্তি বাতিল করে।
কামাল সিদ্দিকীসহ এসব সচিবের অধিকাংশেরই একদিন বা দেড়মাসের মাথায় চলে যাওয়ার কথা ছিল। অন্যদিকে আইন, পররাষ্ট্র ও অর্থ এ তিন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে এখনও রয়ে গেছেন চুক্তি ভিত্তিক সচিব।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব নিয়োগ নিয়েও চলেছে যাচ্ছে তাই কান্ড। ওই পদে দুইদিনের মধ্যে চারবার রদবদল করা হয়। বিদ্যুৎ সচিবকে অন্যত্র বদলি করে আবার পরেরদিন ফিরিয়ে আনা হয়।
আরো একজন কর্মকর্তার মতে বর্তমান সরকার সবচেয়ে অবিবেচকের মত কাজ করেছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ও সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানসহ এ দুই প্রতিষ্ঠানের সাত কমিশনারের চুক্তি বাতিল করে।
আদালত সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বিটিআরসি বা এসইসির মত কমিশনের সদস্যদের চুক্তি নির্বাহী আদেশে বাতিল করা বেআইনি বলে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আবেদন করা হলে বদলি ও নিয়োগে তত্ত্বাবধায়ক সরকারের পুরো কর্তৃত্বই হুমকির মুখে পড়ার সম্ভাবনা ছিল। এরপর তড়িঘড়ি করে পরবর্তী কর্মদিবসেই আবার এসব কর্মকর্তাকে বহাল করা হয়। বৃহস্পতিবার চুক্তি বাতিল করে রোববারই আবার বাতিলের নির্দেশকেই বাতিল ঘোষণা করতে হয় সরকারকে।
বৈদেশিক নিয়োগের ক্ষেত্রেও চলছে একইরকম অবস্থা। ২২ জন চুক্তিভিত্তিক রাষ্ট্রদূত এখনও দায়িত্ব পালন করতে থাকলেও হঠাৎ করেই বাতিল করা হয়েছে ভারত ও যুক্তরাজ্যে কর্মরত দুই প্রেস মিনিস্টারের নিয়োগ।
যুক্তরাজ্যে প্রেস মিনিস্টার ফজল এম কামাল এবং ভারতে প্রেস মিনিস্টার এম আনোয়ারুল হকের নিয়োগ বাতিল হয়েছে অনেকটাই আকস্মিকভাবে। এখনও কোনো সরকারি আদেশ হাতে না পেলেও সংবাদ মাধ্যমে তারা জানতে পেরেছেন যে, তাঁরা আর চাকুরিতে নেই।
বিদেশে কর্মরতদের ক্ষেত্রে দায়িত্বে অব্যাহতি দেওয়ার আগে সরকারের চুক্তির মধ্যেই তা বাতিলের আগে এক মাসের নোটিশ দেওয়ার বিধান রয়েছে। শুধু তাই নয় এ বিধান অনুসারে বিদেশে অবস্থানরত কোনো কর্মকর্তার চুক্তি বাতিল করতে হলে তাঁকে আগে দেশে ফিরিয়ে আনতে হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, বিদেশ থেকে কাউকে ফিরিয়ে আনতে হলে আগে থেকে ‘নোটিশ’ দেওয়ার রীতি আগে থেকেই চালু আছে একারণে যে, রাষ্ট্রের পক্ষে অনেক গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল দায়িত্বে তারা থাকেন। ”ভারত ও যুক্তরাজ্যে নিয়োজিত এ দুই কর্মকর্তা গভীর রাতে জেনেছেন যে, তারা ‘আর সরকারি দায়িত্বে নিযুক্ত নন’ যা দুঃখজনক। এমনকি গুওুত্বপূর্ণ ব্যাক্তিদের সংগে আগে থেকেই নির্ধারিত বৈঠক বাতিল করারও সময় পাননি তারা।”
অন্য এক কর্মকর্তা বলেছেন, আগে থেকে দায়িত্বে অব্যাহতি বা বদলি সম্পর্কে প্রস্তুতি না থাকলে পরিবার-পরিজন বিশেষ করে সন্তানদের শিক্ষা ও পরীক্ষা নিয়ে বিশেষ ঝক্কির মধ্যে পড়তে হয় সরকারি কর্মকর্তাদের আর ঘটনাটি দেশের বাইরে ঘটলে তো কথাই নেই।
এ ব্যাপারে বুধবার সংশ্লিষ্ট উপদেষ্টার সংগে যোগাযোগের চেষ্টা করে এই বার্তা সংস্থা ব্যর্থ হয়েছে।
