২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গভবনের সামনে অবস্থান নেবে বিজিএমইএ

চলমান রাজনৈতিক সঙ্কট বুধবার সন্ধ্যার মধ্যে নিরসন না হলে বৃহস্পতিবার বঙ্গভবনের সামনে অবস্থান নেবেন বিজিএমইএ এর সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2006, 08:14 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে মঙ্গলবার বিজিএমইএ অডিটরিয়ামে এক জরুরি সভায় এ ঘোষণা দেওয়া হয়।

মঙ্গলবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকারের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই চলমান অচলাবস্থা নিরসন হবে বলে আশা প্রকাশ করেছে বিজিএমইএ।

সভায় বক্তারা জাতীয় অর্থনীতির স্বার্থে অর্থনৈতিক কর্মকাণ্ডকে রাজনৈতিক কর্মসূচির আওতার বাইরে রাখার আহ্বান জানান।

সভায় বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয় যার মধ্যে রয়েছে চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে তত্ত্বাবধায়ক সরকার প্রধান ও তার উপদেষ্টামণ্ডলী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও রাজনৈতিক নেতাদের চিঠি দেওয়া।

বিজিএমইএ সভাপতি এস এম ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অফিস বেয়ারার, পরিচালক ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।