২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে কানাডা ও অস্ট্রেলিয় হাই কমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার বারবারা রেচার্ডসন এবং অস্ট্রেলিয় হাই কমিশনার ডগলাস ফসকেট মঙ্গলবার পৃথকভাবে তত্ত্বাবধায়ক সরকারের স্বাস্থ্য উপদেষ্টা সুফিয়া রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2006, 08:32 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

সাক্ষাৎকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা সুফিয়া রহমান বলেন, “দেশের চলমান সমস্যা সমাধানের একটি উপায় পাওয়া গেছে। আজকালের মধ্যেই সমস্যার সমাধান হবে বলে আশা করা যাচ্ছে।”

মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

সুফিয়া আরও বলেন, আগের তত্ত্বাবধায়ক সরকারকে এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি। ভবিষ্যতে যে দলই ক্ষমতায় আসুক, ক্ষমতাসীন ও বিরোধী দলের এদিকে দৃষ্টি দেওয়া উচিত হবে।

ভোটার তালিকার ব্যাপারে সুফিয়া বলেন, একটা নির্ভুল ভোটার তালিকা তৈরি করা রাতারাতি সম্ভব নয়। ছবি সম্বলিত ভোটার কার্ড ও তালিকা প্রণয়ন করা গেলে ভোটদান প্রক্রিয়া আরো স্বচ্ছ করা সম্ভব হবে বলে তিনি মনে করেন।

কানাডার হাইকমিশনার বারবারা বলেন, তারা দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা দেবেন। এ ছাড়া তিনি স্বাস্থ্যখাতের নিরাপদ মাতৃত্ব কর্মসূচিতে সাড়ে চার কোটি ডলার সহযোগিতার আশ্বাস দেন।

অস্টেলিয় হাইকমিশনার ফসকেট তত্ত্বাবধায়ক সরকারের প্রশংসা করে বলেন, রাজনৈতিক সংকট উন্নয়নের অন্তরায়। তারা বাংলাদেশের উন্নয়নে বিশেষ করে স্বাস্থ্যখাতে সহযোগিতা আরও বাড়াবেন বলেও উল্লেখ করেন।