সোনা চোরাচালান মামলায় এরশাদের নিজেকে নির্দোষ দাবি
সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ সোনা চোরাচালান মামলায় আদালতে হাজির হয়ে আত্মপক্ষ সমর্থন ও নিজেকে নির্দোষ দাবি করেছেন মঙ্গলবার।
ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ এস এম মুজিবুর রহমানের আদালতে এরশাদ বলেন, মামলার এজাহারে তাঁর নাম ছিল না। পরে সম্পূরক চার্জশিটে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়।
জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান এরশাদ ১৪ দলের অবরোধ কর্মসূচির মধ্যেই মঙ্গলবার সকাল ১০ টায় নেতাকর্মী পরিবেষ্টিত হয়ে আদালতে হাজির হন। শুনানি শেষে বিচারক মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২৬ নভেম্বর তারিখ নির্ধারণ করেন।
সাবেক রাষ্ট্রপতি আদালতে বলেন, রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করতে তাঁকে এই মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। সোনা চোরাচালানের সাথে তাঁর জড়িত থাকার ব্যাপারে কোনও সাক্ষী একটি শব্দও উচ্চারণ করতে পারেননি। তাই মামলা থেকে তিনি অব্যাহতি পাওয়ার যোগ্য।
মামলার বিবরণে বলা হয়, ১৯৯০ সালের ১৭ জুলাই জিয়া বিমানবন্দরে কাস্টমস কর্মকর্তারা দুই বিদেশিসহ চার যাত্রীকে আটক করেন। তাদের কাছ থেকে তিন হাজার তোলা (প্রায় আড়াই কোটি টাকা মূল্য) সোনা উদ্ধার করা হয়। এ ব্যাপারে দুই বিদেশী ও বিমানবন্দরের কয়েক কর্মকর্তাসহ মোট ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। পরে ১৯৯১ সালের ৩১ আগস্ট সিআইডি তদন্ত করে এরশাদকেও মামলায় আসামি করে। এ ব্যাপারে এরশাদ হাইকোর্টে কোয়াশমেন্ট দরখাস্ত দাখিল করলে তার বিরুদ্ধে মামলার কার্যক্রম স্থগিত হয়ে যায়। ১৯৯২ সালে মামলার রায়ে অন্যান্য আসামিকে বিভিন্ন মেয়াদের সাজা দেয়া হয়। খালাস দেয়া হয় দু’জনকে।
পরে হাইকোর্ট এরশাদের মামলার স্থগিতাদেশ বাতিল করলে এ বছরের ১৩ আগস্ট ঢাকার প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতে বিচার কার্যক্রম শুরু হয়।
এর আগে এরশাদ দুটি মামলায় অব্যাহতি এবং দুটি মামলায় খালাস পেয়েছেন। ক্ষমতাচ্যুত হওয়ার পর এরশাদের বিরুদ্ধে ১৮ টি মামলা দায়ের করা হয়।
