২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ দলের সঙ্গে আন্দোলনে জাকের পার্টির একাত্মতা

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের চলমান আন্দোলন কর্মসূচির সঙ্গে জাকের পার্টি একাত্মতা প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2006, 02:24 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

মঙ্গলবার জাকের পার্টির ভাইস প্রেসিডেন্ট সৈয়দ সিরাজুল কবীরের নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের গুলশানের বাসায় দেখা করে এ একাত্মতা প্রকাশ করে।

সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল ও জাকের পার্টির ভাইস প্রেসিডেন্ট সৈয়দ সিরাজুল কবীর এক যৌথ সংবাদ সম্মেলনে বলেছেন, সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিদের একতার মাধ্যমে স্বাধীনতা বিরোধী বিএনপি-জামায়াত জোটের বিরুদ্ধে আন্দোলনই এ একাত্মতা প্রকাশের মূল লক্ষ্য।

একাত্মতা প্রকাশ নাকি নির্বাচনী মহাজোট এ প্রশ্নে দুই নেতা জানান, আপাতত নির্বাচন কমিশনের পুনর্গঠন, প্রধান নির্বাচন কমিশনার আজিজ ও জাকারিয়ার অপসারণ ও সর্বোপরি ভোটার তালিকার সংশোধনসহ চলমান আন্দোলন নিয়ে তারা ভাবছেন। এ আন্দোলনের বিজয়ের পর নির্বাচনী মহাজোটের বিষয়ে চিন্তা করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ নজরুল করিম সেলিম, জাকের পার্টির ভাইস চেয়ারম্যান খাজা মহিউদ্দীন আহমেদ, মহাসচিব মুন্সী আব্দুল লতিফ, অতিরিক্ত মহাসচিব কায়সার হামিদসহ আরো অনেকে।