অবরোধের ২য় দিনেও অচল সারাদেশ
তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর নির্বাচন কমিশন সংস্কারসহ ১১ দফা দাবিতে ১৪ দলের ডাকা দ্বিতীয় দফা লাগাতার অবরোধের দ্বিতীয় দিনেও সারাদেশ অচল হয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত কোনো সহিংস ঘটনার খবর পাওয়া যায়নি।
রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে সকাল থেকেই ১৪ দলের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছে। বঙ্গবন্ধু এভিনিউ, রাসেল স্কয়ার, মিরপুর, উত্তরা, মহাখালী ও যাত্রাবাড়িতে ১৪ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন।
দুপুর সাড়ে বারোটায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত রাসেল স্কয়ারে আওয়ামী লীগ নেতা মো. নাসিমের নেতৃত্বে সমাবেশ চলছে। এখানে বক্তারা অবরোধ ও তাদের দাবির সমর্থনে বক্তব্য দিচ্ছেন।
উত্তরায় অবরোধের সমর্থনে সমাবেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ বলেন, “যতদিন আমাদের দাবি না মানা হবে, ততদিন অবরোধ কর্মসূচি চলবে। বিএনপি-জামায়াত জোট যতোই ষড়যন্ত্র করুক না কেনো, তাতে লাভ হবে না।”
বঙ্গবন্ধু এভিনিউয়ে এক সমাবেশে বক্তব্য রাখেন শিরিন আখতার। তিনি বলেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিইসিসহ নির্বাচন কমিশনারদের সরিয়ে দেওয়া না হলে প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবিতে একদফার আন্দোলন শুরু হবে।”
বাড্ডা-রামপুরা সড়কে অবরোধ সমর্থনকারীরা ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে মিছিল করছে। নাবিস্কো মোড়ে চলছে সমাবেশ।
এছাড়া মগবাজার মোড়ে অবরোধকারীরা অবস্থান নিয়েছে।
তবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।
নগরীর ভিআইপি সড়কগুলোতে রিক্সার ভিড় লক্ষ্য করা গেলেও সিএনজি স্কুটার ও কিছু কিছু রুটে অল্প সংখ্যক বাস চলাচল করতে দেখা গেছে।
