ঢাবির প্রতিটি আসনে এবার ২৪ জন প্রতিদ্বন্দ্বি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৬-০৭ শিক্ষাবর্ষের সম্মান ভর্তি পরীক্ষায় প্রতিটি আসনের বিপরীতে এবার ২৪ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে।
সোমবারই ছিল ফরম জমা দেওয়ার শেষ দিন।
ব্যাংক সূত্রে জানা গেছে, এ বছর চারটি ইউনিটের মধ্যে ‘ঘ’ ইউনিটে সর্বোচ্চ ফরম বিক্রি হয়েছে। এ বছর ‘ক’ ইউনিটে ১ হাজার ৩৪৮ আসনের বিপরীতে মোট ফরম বিক্রি হয়েছে ২৫ হাজার ১৬৭টি। ‘খ’ ইউনিটের ২৩৩৬টি আসনের জন্য ২০ হাজার ৯৫৫টি। ‘গ’ ইউনিটের ৮৪৪ টি আসনের জন্য ২৫ হাজার ৮০০টি ফরম বিক্রি হয়েছে এবং ‘ঘ’ ইউনিটের প্রায় ৩৭ হাজার ৩৪৮টি ফরম বিক্রি হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সাতটি অনুষদের অধীনে ৫২টি বিভাগের জন্য মোট আসন সংখ্যা ৪ হাজার ৫৮৪টি। এবার ‘খ’ ইউনিটে ৫০টি আসন এবং বাণিজ্য অনুষদে ১৫০টি আসন বর্ধিত করা হয়েছে।
‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৪ ডিসেম্বর, ‘খ’ ইউনিটের ৮ ডিসেম্বর, ‘গ’ ইউনিটের ১ ডিসেম্বর এবং ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
