২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে পৃথক সংঘর্ষে আহত ২৫, গ্রেপ্তার ৩

জেলা সদরের খাগড়াপুর ও মানিকছড়ি উপজেলায় পৃথক সংঘর্ষে রোববার ২৫ জন আহত হয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2006, 06:54 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

পুলিশ রাতে ঘটনার সঙ্গে জড়িত জাতীয়তাবাদী সমর্থক ত্রিপুরা যুবদলের কর্মী টমেশ ত্রিপুরা (২০), সুপেন ত্রিপুরা (২২), ও জীবন ত্রিপুরা (১৮) কে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।

গুরুতর আহত তিনজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন আহতরা হচ্ছে-রিটন ত্রিপুরা (১৯), দীপায়ন ত্রিপুরা (২১) ও অমিত ত্রিপুরা (২৫)।

জানা গেছে, রোববার দুপুরে মানিকছড়ি বাজারে ছাত্র শিবিরের পোস্টার লাগানোর ঘটনাকে কেন্দ্র করে ছাত্র শিবির, বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের ত্রিমুখী সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন নেতাকর্মী আহত হয়।

অপরদিকে শনিবার রাতে জেলা শহরের খাগড়াপুর এলাকার স্বেচ্ছাসেবক লীগ ও জাতীয়তাবাদী ত্রিপুরা যুবদলের কর্মীদের সঙ্গে সংঘর্ষে উভয় দলের ১০ জন আহত হয়।

পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের এ ঘটনা ঘটে। অপরদিকে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রণবিক্রম ত্রিপুরার বাড়ীতে শনিবার ১০টায় ত্রিপুরা যুবদলের সশস্ত্র সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলা চালাতে গেলে উভয়পক্ষে সংঘর্ষ শুরু হয়। রাতে আওয়ামী লীগ নেতা রণবিক্রম ত্রিপুরা বাদী হয়ে ত্রিপুরা যুবদলের ২০/২৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

এদিকে জাতীয়তাবাদী ত্রিপুরা যুবদলের পক্ষ থেকে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে।