২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিভির সংবাদে ভারসাম্য আনার চেষ্টা

বিটিভির ৮টার সংবাদে শনিবার ভারসাম্য আনার চেষ্টা ছিল লক্ষণীয়। রাজনৈতিক দলগুলোর খবরের মধ্যে বিটিভি তুলনামূলকভাবে বেশি সময় ধরে প্রচার করে ১৪ দলের খবর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2006, 09:20 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

শনিবার বিটিভি চব্বিশ মিনিটে ২৫টি খবর প্রচার করে। এর আটটি ছিল আন্তর্জাতিক, পাঁচটি খেলার ও বাকিগুলো জাতীয় খবর।

বঙ্গভবনে উপদেষ্টামণ্ডলীর বৈঠকের খবর দিয়ে বিটিভির সংবাদ শুরু হয়। বৈঠকে নির্বাচনকে ‘টপ প্রায়োরিটি’ দেওয়ার বিষয়টিকে সবচেয়ে গুরুত্ব দিয়ে প্রচার করলেও সেখানে আর কি কি বিষয়ে আলোচনা হয়েছে তা বিটিভির খবর থেকে জানা যায়নি। কারণ, প্রধান খবরটির স্থায়ীত্ব ছিল মাত্র ২০ সেকেন্ড।

ঠিক তেমনিভাবে পাঁচ নম্বরে স্থান পাওয়া প্রশাসনে রদবদলের খবরটির জন্য বিটিভির বরাদ্দ ছিল মাত্র ২৫ সেকেন্ড।

দ্বিতীয়টি ছিল রাষ্ট্রপতির সাথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চলমান বৈঠকের খবর। স্থায়ীত্ব ছিল ৩৫ সেকেন্ড।

তৃতীয় ও চতুর্থ নম্বরে দুই উপদেষ্টার দুটি অনুষ্ঠানে যোগদানের খবর প্রচারিত হয় সাড়ে চার মিনিট ধরে।

এছাড়া নগর বিএনপির যৌথ সভা ও ১৪ দলের অবরোধ কর্মসূচি সফলের আহ্বানের খবর পরপর প্রচারিত হয় যথাক্রমে ৩৫ সেকেন্ড ও এক মিনিট ধরে।

বিজ্ঞাপন বিরতির পর টানা আটটি আন্তর্জাতিক খবর প্রচারের পর বিটিভি ফিরে আসে দেশে। এ পর্যায়ে প্রাধান্য পায় ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিলের সংবাদ সম্মেলনের খবর যা প্রচারিত হয় এক মিনিট ১০ সেকেন্ড ধরে।

এছাড়া, নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর মতবিনিময়, নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনে কঠোর ব্যবস্থা গ্রহণে তত্ত্বাবধায়ক সরকারের প্রতি বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরামের আহ্বান ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের খবর প্রচারিত হয়।