কুমিল্লায় ডাকাতের গুলিতে ডাকাত নিহত
ব্রাহ্মণপাড়ায় ডাকাতের ছোঁড়া গুলিতে এক ডাকাত নিহত হয়েছে শুক্রবার মধ্যরাতে। তার পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে দুটি মামলা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ৩০/৩৫ জনের একটি ডাকাত দল ব্রাহ্মণপাড়ায় আব্দুর রহিম, জয়নাল আবেদীন ও সহিদ উল্লাহর বাড়িতে একযোগে হানা দেয়। বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে তারা স্বর্ণালঙ্কারসহ ১৮ হাজার টাকার মালামাল ডাকাতি করে।
ডাকাতদের চলে যাওয়ার সময় বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী ডাকাতদের প্রতিরোধ করতে এগিয়ে আসে। এক পর্যায়ে গ্রামবাসী ডাকাত দলটিকে ধাওয়া করলে তারা গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। তবে ডাকাতদের গুলিতে গুলিবিদ্ধ হয় তাদেরই এক সদস্য। ঘটনাস্থলেই মারা যায় সে ।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ডাকাতির ঘটনাটি ঘটে শুক্রবার রাত দুটার দিকে।
এ ব্যাপারে ডাকাত কবলিত বাড়িগুলোর একটির মালিক সহিদ উল্লাহ বাদি হয়ে ১টি ডাকাতি মামলা এবং ডাকাতদের ছোঁড়া গুলিতে অজ্ঞাত ডাকাত নিহত হওয়ার ঘটনায় ব্রাহ্মণপাড়া থানার সাব ইন্সপেক্টর মামুন বাদি হয়ে অপর মামলাটি দায়ের করেন।
