জিয়াকে অপহরণের অভিযোগ মিলনের অস্বীকার
এলডিপি নেতা ব্যারিস্টার জিয়াউর রহমান খানকে অপহরণ চেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন।
শনিবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওই অভিযোগ প্রত্যাখ্যান করে সাবেক মন্ত্রী বলেন, “ব্যারিস্টার জিয়া মিথ্যা কথা বলেছেন। আমি তাকে অপহরণের চেষ্টা করিনি। বরং উনি একা হাওয়া ভবনে যেতে বিব্রত বোধ করায় আমাকে ডাকেন এবং তাকে সঙ্গে করে নিয়ে যেতে বলেন।” শুক্রবার এক সংবাদ সম্মেলনে তাকে অপহরণ চেষ্টার অভিযোগ করেছিলেন বিএনপি থেকে সদ্য এলডিপিতে যোগদানকারী ব্যারিস্টার জিয়া।
মিলন জানান, “আগের দিন বুধবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ব্যারিস্টার জিয়ার বাসায় তাদের দুজনের বৈঠক হয়। ওই বৈঠকে জিয়া তাকে বলেন, এলডিপিতে তার ভাল লাগছে না, তিনি আবার বিএনপিতে ফিরে আসতে চান। সে অনুযায়ী শুক্রবার সন্ধ্যায় হাওয়া ভবনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের সময় নিয়েছিলেন তিনি। কিন্তু বৃহষ্পতিবারই হাওয়া ভবনে যেতে চান জিয়া। তিনি একা যেতে বিব্রত বোধ করে আমাকে টেলিফোনে অনুরোধ করলে আমি তাকে নিতে যাই।"
মিলন বলেন, “তিনি আমার পুরনো সহকর্মী এবং তার সঙ্গে আমার একান্ত ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। জিয়ার দুই ভাই এবং স্ত্রীও ওই ঘটনার সাক্ষী।” তিনি আরও বলেন, ব্যারিস্টার জিয়া তার কাছে জানতে চেয়েছিলেন, নির্বাচন করার জন্য তিনি কি কি সুযোগ সুবিধা পেতে পারেন বিএনপি থেকে। কিন্তু মিলন তাকে জানান, তিনি অতো বড় নেতা না হওয়ায় এখনই এ বিষয়ে কিছু বলতে পারছেন না।
বিএনপির যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়, সাবেক সাংসদ জয়নাল আবেদীন ফারুক এবং ইলিয়াস আলীসহ ধামরাইয়ের যুবদল, ছাত্রদল এবং বিএনপি নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
