মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
যথাযোগ্য মর্যাদায় সন্তোষে শুক্রবার মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৩০ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মরহুমের মাজারে পুস্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, মোনাজাত, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে।
আজীবন গরিব ও খেটে খাওয়া মানুষের অধিকার আদায়ের রাজনীতিতে নিবেদিত মজলুম জননেতা ভাসানী ১৯৭৬ সালের ১৭ নভেম্বর মৃত্যুবরণ করেন। তাঁর ৩০ তম মৃত্যুবার্ষিকীতে টাঙ্গাইল শহরের প্রবেশমুখ থেকে সন্তোষে মাওলানার মাজার পর্যন্ত ৩০ টি তোরণ নির্মাণ করা হয়। দেশের বিভিন্ন স্থান থেকে ভাসানীর ভক্ত ও অনুসারীরা সন্তোষে এসে জমায়েত হন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির পক্ষে সাবেক মন্ত্রী ও সহসভাপতি তরিকুল ইসলামসহ জেলা বিএনপির নেতারা মরহুমের মাজারে পুস্পস্তবক অর্পণ করেন। এছাড়া স্থানীয় আওয়ামী লীগ, জাতীয় পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগ, ওয়ার্কার্স পার্টি এবং ভাসানীর পরিবারের পক্ষ থেকেও পুস্পস্তবক অর্পণ করা হয়।
জেলা বিএনপি মাজার প্রাঙ্গণে স্মরণসভারও আয়োজন করে। জেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ শামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় অন্যান্যের মধ্যে সাবেক মন্ত্রী শাজাহান সিরাজ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বরকত উল্লাহ বুলু বক্তব্য রাখেন।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাজার প্রাঙ্গণে সকালে আলোচনা সভার আয়োজন করে। উপাচার্য ড. খলিলুর রহমানের সভাপতিত্বে সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. জসিম উদ্দিন আহম্মেদ বক্তব্য রাখেন।
মাজার প্রাঙ্গণে আয়োজিত স্মরণসভায় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বীরউত্তমও বক্তব্য রাখেন।
