ব্রাহ্মণবাড়িয়ায় দু’ দলের সংঘর্ষে ৩ জন নিহত
ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে পূর্ব শত্রুতার জের ধরে বিবদমান দু’দলের সংঘর্ষে তিনজন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছে। গুরুতর আহত ১৭ জনকে নাসির নগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বিকেলে নাসির নগর উপজেলার গোয়াল নগর ইউনিয়নের রামপুর গ্রামের জারু মিয়ার দল ও রবি মেম্বারের দলের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুিখ সংঘর্ষে লিপ্ত হয়। কয়েক ঘন্টা স্থায়ী এ সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের আঘাতে হরমুজ আলীর পুত্র মেরাজ মিয়া (৪৫) ও রফিক মিয়ার পুত্র সুহেল মিয়া (২৫) ঘটনাস্থলেই মারা যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে মাসুদ মিয়া (২৬) নামে আরও একজন মারা যান। তিনি কামালপুরের জারু মিয়ার ছেলে।
সংঘর্ষে গুরুতর আহত ১৭ জনকে নাসির নগর উপজেলা কমপ্লেক্স ভর্তি করা হয়।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, জারু মিয়া ও রবি মেম্বারের মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছিল।
নাসির নগর থানার ওসি আবদুস সালাম জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। রামপুর গ্রামটি হবিগঞ্জের লাঘাই উপজেলার সীমান্তে অবস্থিত। যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ার কারণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছতে দেরি হয়।
