সিইসিকে অপসারণে পেশাজীবী নেতাদের আহ্বান
সম্মিলিত নাগরিক আন্দোলন ও পেশাজীবী সমন্বয় পরিষদের নেতারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজ ও তার সহযোগীদের অপসারণ করে সংঘাতময় পরিবেশ থেকে দেশ ও জাতিকে মুক্ত করার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার তৃতীয় দিনের মতো ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে অনুষ্ঠিত এক সমাবেশের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ আহ্বান জানান।
পেশাজীবী নেতারা তত্ত্বাবধায়ক সরকারের প্রতি হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, “বিশেষ দলের আজ্ঞাবহ হয়ে তাদের নীল নক্সা বাস্তবায়ন করে জনতার প্রতিপক্ষ হবেন না।”
সোমবার কারওয়ান বাজারে শান্তিপূর্ণ সমাবেশের ওপর পুলিশী নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে তারা বলেন, “এভাবে সংগ্রামরত মানুষের ওপর ট্রাক তুলে মানুষ হত্যা করে অতীতে কোনো স্বৈরাচারী সরকার টিকতে পারেনি।”
এই পুলিশী বর্বরতাকে নেতারা তত্ত্বাবধায়ক সরকারের একটি ‘কলঙ্কজনক তিলক’ বলে অভিহিত করেন।
পেশাজীবী নেতারা অভিযোগ করেন, তত্ত্বাবধায়ক সরকার প্রধান কোনো কোনো দলীয় ব্যক্তিকে অপসারণের পরিবর্তে পদোন্নতি দিয়ে সংগ্রামরত মানুষের মধ্যে তীব্র রোষের সৃষ্টি করেছেন।
এ ধরনের প্ররোচণামূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার প্রতি তারা আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক একে আজাদ চৌধুরী, রামেন্দু মজুমদার, অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী, ড. কাজী ফারুক আহম্মেদ, নাসির উদ্দিন ইউসুফ, ইকবাল সোবহান চৌধুরী প্রমুখ।
