নওগাঁয় সাতজনের ৮০ বছর করে কারাদণ্ড
অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা পৃথক দুটি মামলার রায়ে মঙ্গলবার সাতজনের ৮০ বছর করে সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
নওগাঁর স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-২ এর বিচারক আবু আহমদ জমাদার এই রায় ঘোষণা করেন। অস্ত্র এবং বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় যথাক্রমে ৬০ এবং ২০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন, পত্নীতলা উপজেলার হরিরামপুর গ্রামের কাউসার সরদার, জালাল উদ্দিন, সাইদুল ইসলাম, মোশারফ হোসেন, আকরাম হোসেন, মহাদেবপুর উপজেলার চকউজাল গ্রামের আব্দুল বারিক ও লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার বৈরাতী গ্রামের মোস্তাফিজুর রহমান।
মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ৪ ফেব্রুয়ারি র্যাব-৫ এর একটি দল পত্নীতলা থানার হবিরামপুর ও মাহমুদপুর গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ সাতজনকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে পত্নীতলা থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইন পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
ওইসময় র্যাব কর্তৃপক্ষ জানান, গ্রেপ্তারকৃত সাতজন জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত ছিলেন। জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান ও তার প্রধান সহযোগী সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের সঙ্গে এদের যোগসাজশ ছিল।
