২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমায় নিহত ঝালকাঠীর দুই বিচারককে স্মরণ

কর্মবিরতি এবং নীরবতা পালনের মধ্য দিয়ে ঝালকাঠীতে বোমা হামলায় নিহত দুই বিচারকের প্রথম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার পালন করছেন ঝালকাঠীর আইনজীবী ও বিচারকরা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2006, 03:32 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

অন্যদিকে রাষ্ট্রীয়ভাবে না হলেও ব্যক্তিগত উদ্যোগে স্বজনরাও যার যার ধর্মানুসারে দিনটি স্মরণ করছে শোকাবহ পরিবেশের মধ্য দিয়ে।

দিনটি উপলক্ষে ঝালকাঠী জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শোক র‌্যালী ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহজাহান আশ্রাব জানান, ঢাকা বারে যাতে প্রতিবছর নিহত দুই বিচারকের স্মরণে সভা অনুষ্ঠিত হয় সেজন্য তারা নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। শিগগিরই সেই সিদ্ধান্ত ঢাকা বার সমিতি বরাবর পাঠানো হবে।

মঙ্গলবার আইনজীবীরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন এবং স্মরণ সভাসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

এ ছাড়া ঝালকাঠী জেলা জজ আনোয়ারুল হক জানান, কোর্ট মসজিদের ব্যক্তিগত উদ্যোগে মঙ্গলবার বাদ আসর নিহতদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

এদিকে কেন্দ্রীয়ভাবে জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনের কোনো নির্দেশ না থাকায় তারা আনুষ্ঠানিকভাবে দুই বিচারকের মৃত্যুবার্ষিকী পালন করতে পারেননি বলে সংশ্লিষ্টরা জানান।

তবে নিহতদের পরিবার ব্যক্তিগতভাবে নিজ নিজ বাড়িতে দিনটি পালন করছে। বরিশাল নগরীর শ্মশান ঘাটে বিচারক জগন্নাথ পাঁড়ের সমাধিতে তার ছেলে শ্রেষ্ঠ ও স্ত্রী জ্যোতি পাঁড়ে সকাল ৯টায় পুষ্পমাল্য অর্পণ করেন। বর্তমানে তাঁর সমাধি কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। জঙ্গিদের ফাঁসির রায় কার্যকর না হওয়া পর্যন্ত এটা থাকবে বলে জানিয়েছেন বিচারকের পরিবার।

এদিকে ঝালকাঠী উদীচী শিল্পী গোষ্ঠী এবং বিশ্ব সাহিত্য কেন্দ্র বোমা বিস্ফোরণ স্থলে সন্ধ্যায় মোমবাতি জ্বালিয়ে নিহতদের স্মরণ করবে।