সেনা মোতায়েন নিয়ে সরকার নাটক করেছে: ঢাবি শিক্ষক সমিতি
সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়ে উদ্ভূত পরিস্থিতির নিন্দা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বলেছে, সেনাবাহিনী মোতায়েন নিয়ে তত্ত্বাবধায়ক সরকার রীতিমতো নীল নকশার নাটক মঞ্চস্থ করেছে।
সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার নেতৃবৃন্দ বলেন, “জনতাকে ভয় দেখানোর হীন উদ্দেশ্য ও গণআন্দেলন প্রতিরোধের অপপ্রয়াসের অংশ হিসেবে সরকার সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে জনরোষের শিকার কতিপয় অপশক্তিকে রক্ষার অপকৌশল খুজছে।”
তারা আরো বলেন, প্রধান নির্বাচন কমিশনার ও তাঁর সদস্যদের রক্ষার দূরভিসন্ধি নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের কতিপয় সদস্য নানা ফন্দি ফিকির করে যাচ্ছেন।”
সব ধরণের অসাংবিধানিক পথ পরিহার করে দেশে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ তৈরির জন্য তারা রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহম্মেদের প্রতি আহ্বান জানান।
