এখনও প্রকৃত ঘটনাকে আড়াল করতেই ব্যস্ত বিটিভি
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) চোখ এখনও প্রকৃত সত্য তুলে ধরার মতো যোগ্য হয়ে উঠতে পারছে না।
সোমবার রাত ৮ টার সংবাদে যথারীতি ১৪ দলের ডাকা অবরোধ কর্মসূচি ছিল অবহেলিত। তার পরিবর্তে নির্বাচন কমিশনকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়েছে।
পুলিশ ভ্যানের চাপায় কারওয়ান বাজারে অবরোধকারীদের ওপর পুলিশের ভ্যান তুলে দিলে একজন নিহত হওয়ার ঘটনাকে বলা হয়েছে, পুলিশের দ্রুতগামী একটি গাড়ির নিচে চাপা পড়ে একজন মারা গেছেন। অবরোধকারীদের বিভিন্ন স্থানে অবরোধ আর গাড়ি ভাংচুরকে ফলাও করে প্রচার করা হয়।
রাত ৮ টার সংবাদে নির্বাচন কমিশনের দুটি সংবাদ প্রচার করা হয়। সংবাদ দুটি গুরুত্বের দিক থেকে তৃতীয় ও চতুর্থ স্থানে ছিল।
বিটিভির রাত ৮ টার সংবাদে শীর্ষ সংবাদ ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক। ২৫ মিনিটের সংবাদে এ খবরের জন্য সময় বরাদ্দ ছিল চার মিনিট।
রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে দ্বিতীয় শীর্ষ সংবাদটি ছিল ইউএনডিপির আবাসিক প্রতিনিধির বৈঠক।
এর পরই প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) দুটি বৈঠকের খবরকে বিটিভির সংবাদে উপস্থাপন করা হয়। সিইসি এমএ আজিজের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদের বৈঠক এবং সিইসির সাথে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের বৈঠকের সংবাদ দুটি পরপর প্রচারিত হয়।
রাত ৮ টার সংবাদে পঞ্চম সংবাদটি ছিল ১৪ দলের অবরোধ কর্মসূচি চলাকালে কারওয়ান বাজারে পুলিশের ভ্যান চাপায় একজন নিহত হওয়ার খবর। কারওয়ান বাজারের ঘটনায় পুলিশের তদন্তের বিষয়টি এ খবরে সামনে নিয়ে আসা হয় এবং এজন বরাদ্দ ছিল মাত্র ১৫ সেকেন্ড।
রাত ৮ টার সংবাদে আন্তর্জাতিক এবং খেলার খবরের জন্য মোট বরাদ্দ ছিল ছয় মিনিট।
বিটিভির প্রাইম টাইমের এ সংবাদে চার দলীয় জোটের দেশব্যাপী মঙ্গলবারের সমাবেশ কর্মসূচির ঘোষণা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সংবাদ সম্মেলন, বিজিএমইএ সভাপতির সংবাদ ব্রিফিং এবং আন্তর্জাতিক ডায়াবেটিস দিবসের সংবাদও প্রচারিত হয়েছে।
