রাজশাহীতে ১২ লক্ষাধিক টাকার মালামাল চুরির ঘটনায় ১ জন গ্রেপ্তার
রাজশাহী মহানগরীর ব্যস্ততম এলাকা নিউ মার্কেটের হোটেল ওয়েহোম মার্কেট থেকে নগদ টাকাসহ ১০ লাখ টাকার মোবাইল সেট চুরির ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি চুরির সঙ্গে জড়িত অন্যদেরও সন্ধান পেয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম জয়নাল আবেদীন।
সোমবার দুপুরে বোয়ালিয়া থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
পুলিশ জানায়, গত ৭ নভেম্বর গভীর রাতে ভূয়া পরিচয় দিয়ে বোর্ডার সেজে চার ব্যক্তি হোটেল ওয়েহোমে উঠেন। ওই রাতেই হোটেল বেয়ারা ও দারোয়ানদের চায়ের মধ্যে নেশাদ্রব্য মিশিয়ে খাইয়ে দেয়। এরপর হোটেলের নিচে ইথার মোবাইল কমপ্লেক্স থেকে তালা ভেঙ্গে নগদ ৭০ হাজার টাকা ও প্রায় ১১ লাখ টাকার মোবাইল সেট নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ইথার মোবাইল কমপ্লেক্সের মালিক রাকিবুল ইসলাম বাদী হয়ে বোয়ালিয়া থানায় একটি মামলা করেন। মামলার পরপরই মহানগর পুলিশ কমিশনার জাভেদ পাটোয়ারী মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিমকে চুরির ঘটনায় জড়িতদের খুঁজে বের করার নির্দেশ দেন। গোয়েন্দা পুলিশের তদন্ত টিম হোটেল থেকে গ্রামীণ ফোন ও একটেলের তিনটি ব্যবহৃত রিফিল কার্ড উদ্ধার করে। এ থেকে মোবাইল নম্বর সংগ্রহ করে আসামীদের সন্ধান পায় পুলিশ।
পুলিশ জানায়, গত ৯ নভেম্বর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বন্দর টিলা মার্কেটের রিফাত টেলিকমের মালিক এবং আসামীদের চুরি করা মোবাইল ফোন কেনাবেচার কাজে সহযোগিতাকারী জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করে। গত ১১ নভেম্বর তাকে রাজশাহীতে এনে জিজ্ঞাসাদাদ করে ফেরদৌস খানসহ সকল আসামীকে সনাক্ত করে। গ্রেপ্তারকৃত জয়নাল আবেদীনকে পুলিশ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।
এদিকে পুলিশ অভিযোগ করে, দুধর্ষ চুরির ঘটনায় গ্রামীণ ফোনের কাছে সহযোগিতা চেয়েও পায়নি পুলিশ। গ্রামীণ ফোন সহযোগিতা করলে সব আসামীকেই গ্রেপ্তার করা যেত বলে জানিয়েছে পুলিশ।
