২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড. তাহের হত্যার পরিকল্পনার কথা জানতেন দুই পুলিশ কর্মকর্তা?

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনি বিদ্যা বিভাগের প্রবীণ শিক্ষক ড.এস তাহের আহমেদ হত্যাকান্ডে মতিহার থানার তৎকালীন দুই পুলিশ কর্মকর্তা হত্যাকারীদের সহযোগিতা করেছিল বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2006, 06:32 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

পুলিশের একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ড. তাহেরকে হত্যা করা হবে তা আগে থেকেই জানতেন তারা এবং সালেহীর সঙ্গে তারা নিয়মিত যোগাযোগও রাখতেন।

সূত্র মতে, হত্যাকান্ডের পরিকল্পনাকারী মিয়া মোহাম্মদ মহিউদ্দিনের কাছ থেকে ওসি ফাইজুর রহমান একটি বাড়ী কেনার টাকা নেন। অন্যদিকে এএসআই চাহেল শিবির সভাপতি সালেহীর মাধ্যমে পিএসসির এক সদস্যকে ম্যানেজ করে ২৬তম বিসিএসের মৌখিক পরীক্ষায় সুবিধা নিয়ে অন্য চাকরিতে চলে গেছেন।

সূত্র মতে, মতিহার থানার তৎকালীন ওসি ফাইজুর রহমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হত্যাকান্ড ঘটতে পারে এরকম আভাস পেয়েছিলেন দারোগা চাহেলের কাছ থেকে। চাহেলের পরামর্শ মতে ওসি ঘটনার দিন ক্যাম্পাস এলাকায় ১ ফেব্রুয়ারী রাতের ডিউটি হঠাৎ করে বদল করে ফেলেন। টহল ডিউটি দেওয়া হয় এএসআই কামরুজ্জামান লেবুকে। ওসি এবং এসআই চাহেল পরামর্শ করেই ডিউটি বদলানোর এই সিদ্ধান্ত নেয়। শিবির ক্যাডাররা অঘটন ঘটাতে পারে এ আভাস পাওয়ার পরও ওসি বিশ্ববিদ্যালয় পশ্চিম পাড়ায় টহল পুলিশ প্রত্যাহার করে প্রশাসন ভবনের পিছনে ছাত্র সংগঠনগুলোর ট্যান্টে লক্ষ্য রাখতে নির্দেশ দেন। ফলে হত্যাকারীরা খুব সহজেই দীর্ঘ সময় নিয়ে হত্যাকান্ড ঘটিয়ে নির্বিঘ্নেই লাশ সেফটি ট্যাংকে ফেলে চলে যেতে সক্ষম হয়।

এদিকে, ঘটনার কয়েকদিন আগে থেকেই সালেহীর সঙ্গে এসআই চাহেলের নিয়মিত যোগাযোগ রক্ষাসহ বিভিন্ন অভিযোগ পুলিশ কমিশনার নাইম আহমেদ (বর্তমানে ডিএমপির এসবিতে রয়েছেন) অবগত হলে তার মোবাইলের কল বিস্তারিত গ্রামীণ ফোন থেকে সংগ্রহ করতে মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের এসএই আচানুল কবিরকে নির্দেশ দেন। সেইসঙ্গে ছয়জনের তদন্ত টিম থেকে চাহেলকে বাদ দেন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেন। কিন্তু ওপরের নির্দেশে তা আর পারেননি।

অন্যদিকে একইরকম নির্দেশের কারণে ওসি ফাইজুর রহমান বিরুদ্ধেও কোন ব্যবস্থা নিতে পারেনি তিনি। তবে সে যাতে মামলায় প্রভাব খাটাতে না পারে সেজন্য ১৫ দিনের প্রশিক্ষণে ঢাকায় পাঠিয়ে দেন। সেখান থেকে ফিরে এলে ওসি যেন সালেহীর পক্ষে কোনো ভূমিকা না রাখতে পারে সেজন্য তাকে পবা থানায় বদলির ব্যবস্থা করেন।

খোঁজ নিয়ে আরো জানা গেছে, ড. তাহেরের বাড়ীর কেয়ারটেকার জাহাঙ্গীর পুলিশি জিজ্ঞাসাবাদে একাই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্বীকার করে। পরে তদন্ত কর্মকর্তার চাপাচাপিতে সে প্রথমে মহিউদ্দিনের নাম বলে। এসময় সেখানে উপস্থিত ওসি ফায়জুর ধমক দিয়ে মহিউদ্দিনের নাম না বলে অন্য কেউ জড়িত থাকলে তাদের নাম বলতে বলেন। জাহাঙ্গীর সে সময় শিবির সভাপতি সালেহীর নাম বলে। এ সময় ওসি উত্তেজিত হয়ে জাহাঙ্গীরকে গাল দিয়ে বলেন, “বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ার জন্য সে মিথ্যা বলছে।”

ওসি নিজে জাহাঙ্গীর ও নাজমুলকে শিখিয়ে দেন সালেহীর নাম না বলে সালেকীনের নাম বলতে। সালেকীনের নাম বললে তার জামিন পাইয়ে দিবেন বলেও আশ্বাস দেন। এ ঘটনার পর থেকেই শুরু হয় নাম বিভ্রাট। তদন্ত কর্মকর্তা আচানুল কবির এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “সার্বিক পরিস্থিতি কমিশনারকে জানানো হয়েছিল।”

এদিকে, এসআই চাহেল শিবির সভাপতি সালেহীর ঘনিষ্ঠ পিএসসির একজন সদস্যের মাধ্যমে বিসিএসের মৌখিক পরীক্ষায় সুবিধা নিয়ে বর্তমানে তিনি বরিশাল কালেক্টরেটে ম্যাজিষ্ট্রেটের চাকরি করছেন।

এ বিষয়ে চাহেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “পিএসসির কোন সদস্যের কাছ থেকে সুবিধা নেইনি। এসব অপপ্রচার। আমার সঙ্গে যাদের সম্পর্ক ভালো ছিল না তারাই এসব কথা বলছেন। তবে সালেহীর সাথে যোগাযোগ রক্ষা করেছিলাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থেই।”

ওসি ফাইজুর রহমান বলেন, “সালেহী কিংবা মহিউদ্দিনের পরিবারের সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না। তাছাড়া আমাকে ট্রেনিংয়ে পাঠিনো হয়েছিলো নিয়মের মধ্যেই।” বাড়ী কেনার বিষয়ে তিনি বলেন, “আমি কোন বাড়ী কিনিনি।”

এ ব্যাপারে রাজশাহীর তৎকালীন পুলিশ কমিশনার নাইম আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এসআই চাহেলকে তদন্ত টিম থেকে বাদ দেওয়া, ওসিকে প্রশিক্ষণে পাঠানো এবং গ্রামীণ ফোনের কল লগ থেকে চাহেলের কল ডিটেলস সংগ্রহ করার নির্দেশের সত্যতা স্বীকার করে বলেন, “হত্যাকারীদের চিহ্নিত এবং প্রকৃত সত্য উদঘাটন করতে সে সময় যথাযথ তদন্ত করা হয়েছিল এবং তদন্তে বেশ অগ্রগতিও হয়েছিল। কিন্তু পরবর্তীতে আমাকে সেখান থেকে বদলি করা হয়।”