২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচ্ছিন্ন রাজধানী এখন উৎকন্ঠার নগর

বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা সংঘাত না ঘটলেও দারুণ আশঙ্কা ও উৎকণ্ঠায় অনির্দিষ্টকাল অবরোধের প্রথম দিন কাটিয়েছেন নাগরিকেরা। এদিকে সড়ক, রেল ও নৌপথে কোনো বাহন ঢাকায় না আসায় রোববার সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে রাজধানী শহর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2006, 05:15 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

শহরের পরিস্থিতি বুঝতে নাগরিকেরা সারাদিনই সংবাদ মাধ্যমে চোখ রাখেন। সর্বশেষ পরিস্থিতি জানতে আত্মীয়-পরিজনকে ফোন করার পাশাপাশি সরাসরি সংবাদ মাধ্যমেও ফোন করেছিলেন অনেকে। এ সময় পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়ে জরুরী অবস্থা জারি, সেনা অভ্যুত্থান এবং সিইসির পদত্যাগ সংক্রান্ত নানা গুজব।

একটি বেসরকারি স্কুলের শিক্ষক দিবাকর স্যান্যাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ ফোন করে জানতে চেয়েছেন শহরের পরিস্থিতি। জানালেন উত্তরায় নিজ ঘরে বসেই সারাদিন কাটিয়ে দেবেন। আসা যাওয়ার অনিশ্চয়তার কথা ভেবে আজ নিয়মিত কাজে বের হননি তিনি।

সরকারি-বেসরকারি অফিস আদালতে উপস্থিতি ছিল একেবারেই কম। পর্যাপ্ত বাহনের সঙ্কটে তিন বেলাই যাত্রীদের দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ সময়। স্কুল-কলেজের বেশিরভাগই ছিল বন্ধ।

মোহাম্মদপুরের স্কুলপড়ুয়া শিক্ষার্থীর মা আয়শা আখতার এ প্রতিবেদককে বলেছেন, “রাজনৈতিক গোলোযোগের কারণে ঈদের বন্ধের পর বছরের শেষ পর্যায়ে এসে এবার ভালোমত ক্লাসই হতে পারছে না। জানি না ছেলেমেয়েরা কীভাবে এবার বার্ষিক পরীক্ষা দেবে?”

আন্দোলনের মূল লক্ষ্য নির্বাচন কমিশনেও রোববার থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। তবে প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ এসময় ছিলেন নির্বিকার। প্রতিদিনের মত রোববারও তার সঙ্গে কথা বলার জন্য সাংবাদিকেরা চেষ্টা করেছেন। কিন্তু দক্ষতার সঙ্গে তাদের এড়িয়ে গিয়ে নিজস্ব নিরাপত্তা বাহিনীর সহায়তায় সিইসি বাড়ির পথ ধরেন। এ সময় সিইসির পদত্যাগের গুজব ছড়িয়ে পড়লে সাংবাদিকেরা তাকে অনুসরণ করে কাকরাইলে তার বাড়ির ফটক পর্যন্ত যান।

নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল রোববার থেকে অনির্দিষ্টকাল শান্তিপূর্ণ ঢাকা অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেয়। এদিকে অবরোধ ও মিছিল সমাবেশসহ সব ধরনের কর্মসূচি ঢাকা পুলিশ কর্তৃপক্ষ নিষিদ্ধ করলে সংঘাতের আশঙ্কা ছড়িয়ে পড়ে পুরো শহরে।

সরকারী নিষেধাজ্ঞা এবং পুলিশ-বিডিআরসহ বিভিন্ন আইন-শৃংখলা বাহিনীর কড়া বেষ্টনি উপেক্ষা করে ১৪-দলীয় জোটের ডাকে সড়ক, রেল ও নৌ-পথ অবরোধ কর্মসূচি সকাল থেকেই সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে রাখে রাজধানী ঢাকাকে।

কমলাপুর ও ট্রেন চলাচল

কমলাপুর রেলওয়ে স্টেশের কর্মকর্তারা বলেছেন রোববার ঢাকা ছেড়ে যায়নি এবং ঢাকাতেও প্রবেশ করেনি। একারণে আভ্যন্তরীণ ও আন্তঃজেলা যোগাযোগও থাকে সম্পূর্ণ বন্ধ। এসময় কমলাপুর রেলস্টেশে গিয়ে দেখা গেছে অন্যদিনের ব্যস্ত স্টেশনে পিনপতন স্তব্ধতা।

কমলাপুর রেলওয়ে ষ্টেশন ম্যানেজার অশোক কুমার দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেন, “সকালের পর কোন ট্রেন ঢাকা ছেড়ে যায়নি এবং ঢাকায় আসেনি। সন্ধ্যার পর যমুনা এক্সপ্রেস ছাড়ার কথা থাকলেও ছাড়বে কি-না তার কোনো নিশ্চয়তা নেই। আজকে কোনো টিকিট বিক্রি হয়নি”।

রাজধানী ঢাকায় বড় ধরনের কোন সংঘাত এবং ধ্বংসাত্মক ঘটনা না ঘটলেও দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ট্রেন ও বাস ভাংচুর এবং তাতে অগ্নি সংযোগ করা হয়। রাজবাড়ি, টঙ্গি, নরসিংদী, নীলফামারি, রংপুর ও ব্রাম্মনবাড়িয়া জেলাসহ বিভিন্ন স্থানে মাঝ পথে আটকে দেয়া হয়েছে ১০ থেকে ১২ টি ট্রেন।

টঙ্গীতে একটি ট্রেন ভাংচুর ও তাতে আগুন দেয়া হয়, রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে এবং গোগালগঞ্জে কয়েকটি যাত্রীবাহী বাস ভাংচুর করা হয়।

অন্যরকম এক সদরঘাট

প্রতিদিনের ব্যস্ত সদরঘাট রোববার ছিল তার অন্যদিনের ছবি। হৈ চৈ নেই, নেই হট্টগোল, সারি সারি নৌযান, দোতলা তিনতলা লঞ্চ এসময় সারি দিয়ে ছিলো দাঁড়িয়ে । ঘাট ছেড়ে যায়নি একটি বাহনও।

সদরঘাট টার্মিনালে দাঁড়িয়ে মনু বললেন, “কাঁচামাল কিনেছি। বাড়ি যাওয়া দরকার ছিল। কী করবো বুঝতে পারতেছি না”।

দাঁড়িয়ে থাকে গাড়ি

রোববার সকালে দূরপাল্লার বাস একটিও ঢাকা ছেড়ে যায়নি। গাবতলি-মহাখালি-সায়েদাবাদ তিন প্রধান টার্মিনালে গিয়েই দেখা গেছে সব টিকিট কাউন্টার বন্ধ। যাত্রী বা পরিবহণ ব্যবসায়ী কারো কোনো আনা গোণা নেই।

বিচ্ছিন্ন সংঘাত

দুপুরে রাজধানীর শের-এ-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্র দলের কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়।

একই সময়ে বুড়িগঙ্গা-২ সেতুর কাছে করানীগঞ্জে স্থানীয় আওয়ামীলীগ ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং ১০-১২ টি হাত বোমার বিষ্ফোরণে প্রায় সাত জন আহত হয়। এসময় বিডিআর ও দাঙ্গা পুলিশ উপস্থিত হলে দুই গ্রুপের লোকজনই এলাকা ত্যাগ করে।

পুলিশ ও প্রতিরোধকারীর সহাবস্থান

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিষেধাজ্ঞাসহ অবরোধ কর্মসূচী প্রতিহত করার লক্ষ্যে ডিএমপি-র প্রায় ২৫ হাজার পুলিশকে সহায়তা করতে প্রায় ১,০০০ বিডিআর, কয়েকশ’ আনসার এবং ঢাকার বাইরে থেকে রাজধানীতে আনা হয় অতিরিক্ত ৬,০০০ পুলিশ।

তবে বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হলেও রোববারের অবরোধ কর্মসূচীতে অবরোধকারী ও পুলিশ পরস্পরের কাজ করেছে অনেকটা সমঝোতার মধ্য দিয়ে।

আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা মিছিল সমাবেশে বিশেষ তেমন কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করেননি। অপরদিকে আইন-শৃংখলা বাহিনী সদস্যরা বাধা দিলে তা উপেক্ষা না করে সংঘাত এড়িয়ে নেতা-কর্মীরা সেখানেই বসে পড়ে সমাবেশ করে।

গানে আর শ্লোগানে

তবে রাজপথ, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা এবং বাস, লঞ্চ ও রেলওয়ে টার্মিনালগুলো ছিল ১৪-দলের নেতা-কর্মী আর সমর্থকদের দখলে। বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে এসময় তারা মিছিল, সমাবেশ ও ট্রাকের উপর অস্থায়ী মঞ্চ তৈরী করে গান-বাজনা করে সময় পার করে।

রড় জমায়েত গুলো দেখাযায় রাজধানীর রাসেল স্কোয়ার, আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু এভিন্যিউ, জিরো পয়েন্ট, মুক্তাঙ্গন ও গুলিস্তান, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন, যাত্রাবাড়ি, সায়েদাবাদ, মহাখালি, কেরানীগঞ্জ, কারওয়ান বাজার ও মিরপুর এলাকায়।