২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৪ জন নিহত

দৌলতপুর ও ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকায় রোববার ভোররাতে পৃথক দুটি ঘটনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আন্ত:জেলা ডাকাত দলের শীর্ষ নেতা শফিরুল ও গণবাহিনীর আঞ্চলিক নেতা বাবলু বাহিনী প্রধানসহ চারজন নিহত হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2006, 02:41 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

পুলিশ এ ঘটনায় কামাল, জেকের, আব্দুল, রাসেল ও হাফিজ নামে চার ডাকাতকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, দৌলতপুরের হোসেনাবাদ-গৌরীপাড়া এলাকায় একদল ডাকাত ঢোকার খবর পেয়ে শনিবার রাত ২টার দিকে ওই এলাকায় তল্লাশি চালায় পুলিশ। ৩টার দিকে পুলিশের দলটি গৌরীপাড়া গ্রামের গফুরের বাড়ির কাছে পৌঁছালে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। পুলিশও পাল্টা গুলি চালায়। এ ঘটনায় ডাকাত সর্দার শফিরুল ও তার সহযোগী মিজানুর নিহত হয়। পালানোর সময় কামাল, জেকের ও আব্দুল নামে তিন ডাকাতকে আটক করে পুলিশ। এদর জিজ্ঞাসাবাদের পর পুলিশ রাসেল ও হাফিজ নামে আরো দুই ডাকাতকে গ্রেপ্তার করে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তলসহ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করে।

এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশ জানায়, উজানগ্রাম ইউনিয়নের মহিষাডাঙ্গা গ্রামে রোববার ভোর চারটার দিকে থানা পুলিশের একটি টহল দল ৫/৬ জন সন্ত্রাসীকে চ্যালেঞ্জ করলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি চালালে গণবাহিনীর আঞ্চলিক নেতা বাবলু ও তার সহযোগী আব্বাস নিহত হয়। অন্যরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে।