মতলবে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে আহত ১০, গ্রেপ্তার ৭
মতলবে শনিবার দুপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে ১০ নেতা-কর্মী। সংঘর্ষে গুরুতর আহত উপজেলা বিএনপির সহ-সভাপতি সরওয়ার মজুমদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র জানায়, জোট সরকার ক্ষমতা ছাড়ার পর শনিবার প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকায় আসেন বিএনপি দলীয় সাবেক সাংসদ নূরুল হুদা। তাঁর আগমন প্রতিহত করতে দুপুরের দিকে বিএনপি নেতা টুনু হাজী ও ড. জালালের কর্মী-সমর্থকরা মতলব ফেরিঘাট এলাকায় অবস্থান নেয়। এ সময় উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষে ১০ নেতা-কর্মী আহত হয়। তবে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার রাতে মতলব ফেরিঘাটে ফেরি থেকে একটি পিকআপ ভ্যান নদীতে ফেলে দেওয়ার ঘটনায় পুলিশ রাতেই কৈলাকান্দি থেকে নূরুল হুদার বিরোধী সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। এর হলেন, আবুল কাশেম (১৮), নাসির উদ্দিন (১৮), সোলেমান (২০), তমিজউদ্দিন (২১), ইয়াজউদ্দিন (১৮), সাজেদুল ইসলাম (১৯) ও দেলোয়ার হোসেন (১৮)।
মতলব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান বলেন, “সংঘর্ষ এড়াতে আমরা শুক্রবার রাতে সাতজনকে আটক করেছি। তাদেরকে শনিবার কোর্টে প্রেরণ করা হয়েছে।”
পরে জানা যায় নূরুল হুদা শনিবার ভোরেই মতলব এসে পৌঁছেছেন। বিকেলে উপজেলার পাঠানবাজারে জনসভায় তিনি বক্তব্য রাখেন।
এ ব্যাপারে তার সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
