বাগেরহাটে চোরাই সুন্দরী কাঠ উদ্ধার, ২ বনরক্ষী আহত
বাগেরহাটের ফকিরহাট বাসস্ট্যাণ্ডে বৃহস্পতিবার ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ধাওয়া করে বনরক্ষীরা ১২৬ পিস চোরাই সুন্দরী কাঠ উদ্ধার করেছে। এ সময় পরিবহন শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে মকবুল হোসেন (৩৮) ও আনিছুল হক (৪০) নামে দুই বনরক্ষী আহত হয়।
বাগেরহাট বন বিভাগের সদর সার্কেলের রেঞ্জার মতিয়ার গাজী জানান, বাগেরহাট থেকে প্রায় ২৫ কিমি ধাওয়া করে বনরক্ষীরা পুলিশের সহায়তায় ফকিরহাট বাসস্ট্যাণ্ড পর্যটক পরিবহনের ওই বাসটি (ঢাকা ব-১১-০১৯৪) আটক করে।
বাসটি শরণখোলা থেকে ওই সুন্দরী কাঠগুলো নিয়ে ঢাকা যাচ্ছিল।
বনরক্ষীরা খবর পেয়ে প্রথমে খুলনা-বাগেরহাট সড়কে সুন্দরবন পূর্ব বিভাগের কার্যালয়ের বাসটি সামনে থামাবার চেষ্টা করেন। কিন্তু সংকেত উপেক্ষা করে চালক দ্রুত বাসটি নিয়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশের সহায়তা নিয়ে তারা প্রায় ২৫ কিমি. ধাওয়া করে ফকিরহাট থেকে বাসটি আটক করে।
এই ঘটনায় ফকিরহাট থানায় একটি মামলা হয়েছে।
