পাকিস্তান পর্যটন মেলায় আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ
পাকিস্তানের পাঞ্জাবে আগামী বছর অনুষ্ঠিতব্য পাকিস্তান পর্যটন মেলা ২০০৭ এ বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।
দেশটির ঢাকাস্থ হাইকমিশনের এক বিজ্ঞপ্তি সূত্রে বুধবার একথা জানানো হয়।
এতে বলা হয়, পাঞ্জাবের পর্যটন উন্নয়ন কর্পোরেশন (টিডিসিপি) লাহোরের ফোর্ট্রসে স্টেডিয়ামের এক্সপো সেন্টারে ২০০৭ সালের ১৫ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত সাত দিনের ওই মেলার আয়োজন করেছে। পর্যটন শিল্প সমন্বয়ের মাধ্যমে বাণিজ্যিক সুযোগ-সুবিধা আরও সম্প্রসারের লক্ষ্যে এর আয়োজন করা হচ্ছে।
বাংলাদেশের সরকারি ও বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানকে এ মেলায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। বেসরকারি খাত থেকে উদ্যোক্তারা ইতোমধ্যে ভালো সাড়া পাওয়া গেছে বলে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়।
পাকিস্তানসহ বিভিন্ন দেশের জাতীয় ও আঞ্চলিক সংস্থা, এয়ারলাইনস, হোটেল, ট্রাভেল এজেন্ট, পরিবহন কোম্পানি, ভ্রমণ ও তথ্যপ্রযুক্তি সংক্রান্ত প্রতিষ্ঠান এ মেলায় অংশ নেবে।
বিদেশি অংশগ্রহণকারীদের মেলায় টিডিসিপির পক্ষ থেকে বিনামূল্যে স্টল বরাদ্ধ দেওয়া হবে।
