২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শায়খ ও বাংলা ভাইসহ জঙ্গিদের পক্ষে রাষ্ট্রপক্ষের দুই আইনজীবী নিয়োগ

ঝালকাঠিতে বিচারক হত্যা মামলায় মৃত্যুদণ্ডের বিরুদ্ধে দায়ের করা জেল আবেদনের শুনানি করার জন্য শায়খ ও বাংলা ভাইসহ ছয় জঙ্গির পক্ষে সরকার দুইজন রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগ দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2006, 05:33 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

আইন মন্ত্রণালয়ের সলিসিটর দপ্তরের পক্ষে সহকারী সচিব মোঃ মাইনুল হক ৬ নভেম্বর খলিলুর রহমান ভূঁইয়া এবং মোঃ সালাউদ্দিনকে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিযুক্ত করেন।

এর আগে জেল আবেদনকারী দুইজনের পক্ষে কোনো আইনজীবী না থাকায় আপিল বিভাগ মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে শুনানি এক সপ্তাহের জন্য মুলতবি করেছিলেন।

খলিলুর রহমান ভূঁইয়া শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই এবং আতাউর রহমান সানির পক্ষে মামলা পরিচালনা করবেন।

সালাহউদ্দিন আহমেদ থাকবেন আবদুল আওউয়াল, মোঃ ইফতেখার হোসেন এবং ফারুক হোসেন খানের পক্ষে।

রোববার অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী জঙ্গিদের পক্ষে আইনজীবী নিয়োগের জন্য আদালতের কাছে এক সপ্তাহ সময় চান।