২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোম্পানিগুলোকে পুঁজিবাজারে নিয়ে আসায় বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ ঝুলে আছে

ব্যাংকের ওপর কোম্পানিগুলোর ঋণনির্ভরতা কমানোর ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের একটি দিকনির্দেশনার অনুমোদন ছয় মাস ধরে ঝুলে আছে।

নিজস্ব প্রতিবেদক

সোহেল পারভেজ,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2006, 07:50 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

ঋণ ও মূলধনের হার সংক্রান্ত কেন্দ্রীয় ব্যাংকের দিকনির্দেশনা পুনঃনিরীক্ষা চলছে ছয় মাস ধরে। এই দিকনির্দেশনায় বৃহৎ কোম্পানিগুলোকে স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত হওয়া এবং মোটা অংকের ঋণের জন্য ব্যাংকের ওপর নির্ভর না করার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সালেহ উদ্দিন আহমেদ ঋণ ও মূলধনের হার সংক্রান্ত দিকনির্দেশনায় এখনও অনুমোদন দেননি। তবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর কাছে এ ব্যাপারে তিনি বলেন, “বিষয়টি আমি আরও পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে বলেছি। হুট করে এত বড় একটি বিষয় অনুমোদন দেওয়া ঠিক হবে না।”

দিকনির্দেশনাটি অনুমোদিত হলে কোম্পানিগুলো ব্যাংক থেকে ২৫ কোটি বা তারও বেশি ঋণ নিতে চাইলে পুঁজিবাজার থেকে ২৫ শতাংশ এবং উদ্যোক্তা বিনিয়োগকারীদের কাছ থেকে ২৫ শতাংশ মূলধন যোগাড় করতে হবে। বাকি ৫০ শতাংশ ব্যাংকের মাধ্যমে তারা যোগাড় করতে পারবে।

তবে ব্যাংক থেকে ঋণ পাওয়ার জন্য কোম্পানিগুলোকে উল্লিখিত প্রক্রিয়ায় মূলধন যোগাড়ের বিষয়টি নিশ্চিত করতে হবে।

শিল্পখাতে বিনিয়োগের অর্থ সংগ্রহের জন্য কোম্পানিগুলোকে ব্যাংকের পরিবর্তে শেয়ার বাজারে যাওয়ার ব্যাপারে উৎসাহিত করতে ২০০৫ সালের ৩১ আগস্ট সরকার এ সিদ্ধান্ত নেয়। সরকারের সিদ্ধান্তু অনুযায়ী ঋণ ও মূলধনের হার সংক্রান্ত এ দিকনিদের্শনা তৈরি করা হয়।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুর্শিদ কুলি খানের নেতৃত্বে গঠিত ছয় সদস্যের একটি কমিটি এ বছরের এপ্রিলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহ উদ্দিন আহমেদের কাছে তাদের প্রস্তাবিত দিকনির্দেশনা হস্তান্তর করে।

দিকনির্দেশনা প্রস্তুত করার সময় অর্থ মন্ত্রণালয়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, স্টক এক্সচেঞ্জ এবং শিল্প ও বণিক সমিতিগুলোর পরমর্শ নেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কমিটির একজন সদস্য বলেন, “সবকিছুই ঠিক আছে। সিদ্ধান্তগ্রহণকারীদের দ্বিধাদ্বন্দ্বের কারণে বিষয়টি ঝুলে আছে।”

দিকনির্দেশনা অনুযায়ী ঋণের আবেদনকারী কোম্পানিগুলোকে পুঁজিবাজারে যেতে হবে এবং ক্রেডিট রেটিংয়ের ক্ষেত্রে ন্যূনতম তিনটি ‘বি’ নিশ্চিত করতে হবে। এছাড়া তাদের মূলধন ঝুঁকিও (ক্রেডিট রিস্ক) ‘গ্রহণযোগ্য’ হতে হবে।

দিকনির্দেশনায় অবকাঠামো উন্নয়ন, কয়লা উত্তোলন, ওষুধ ও সিরামিক শিল্প, হাসপাতাল ও পর্যটন, শিল্প কাচামাল উৎপাদন এবং বিদ্যমান কারখানার সম্প্রসারণ ও উন্নয়নের জন্য ঋণ ও মূলধনের অনুপাতিক হার ৫০ : ৫০ করা হয়েছে।

তবে রপ্তানিমুখী শিল্প, কৃষি ও কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প, তথ্যপ্রযুক্তি, বাণিজ্যিকভিত্তিতে বৃক্ষ রোপণ ও বাগান করা এবং প্রবাসী বাংলাদেশী ও নারী উদ্যোক্তাদের জন্য এক্ষেত্রে আনুপাতিক হার হবে ৬০ : ৪০।

এক্ষেত্রে ৪০ ভাগের মধ্যে ২০ শতাংশ দেবেন উদ্যোক্তা বিনিয়োগকারীরা এবং বাকি ২০ শতাংশ পুঁজিবাজার থেকে যোগাড় করতে হবে।