৭ নভেম্বরের মহানায়ক তাহের, খলনায়ক জিয়া: ইনু
জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ইতিহাস ও ঐতিহাসিক সত্যকে এখনও ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশনে।
সিপাহী-জনতার অভ্যূত্থান দিবস উপলক্ষে জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মঙ্গলবার বিকেলে নগরীর কর্ণেল তাহের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ইনু বলেন, ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যূত্থানের মহানায়ক কর্ণেল তাহের, খলনায়ক জিয়া। কর্ণেল তাহেরের নেতৃত্বেই সিপাহীরা জিয়াকে বন্দীদশা থেকে মুক্ত করে নতুন জীবন দিয়েছিলেন। আর এর বিনিময়ে তাহেরকে হত্যা করে বিশ্বাসঘাতকতার ইতিহাসে জিয়া মীর জাফরের পাশে স্থান করে নিয়েছেন।
ইনু বলেন, কর্ণেল তাহেরের বলিষ্ঠ নেতৃত্বেই সিপাহীরা উচ্চাভিলাষী অফিসারদের ক্ষমতার জন্য হানাহানি থেকে সেনাবাহিনীকে রক্ষা করেছিলেন। শৃংখলা ফিরিয়ে এনেছিলেন সেনাবাহিনীতে । সেদিন জাসদ বলিষ্ঠ পদক্ষেপ না নিলে ক্যান্টনমেন্টগুলো কসাইখানায় পরিণত হতো বলে তিনি উল্লেখ করেন।
তিনি বিএনপি-জামায়াতের নীল নক্শা ও চাপের বাইরে বেরিয়ে এসে নিরপেক্ষ ভূমিকা পালনের জন্য রাষ্ট্রপতির প্রতি আবারও আহ্বান জানান।
কর্ণেল তাহেরসহ সিপাহী বিদ্রোহের নেতা সংগঠকদের প্রতি গভীর শ্রদ্ধাও নিবেদন করেন ইনু ।
এক সংবাদ বিঞ্জপ্তিতে বলা হয়,সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন, কর্ণেল তাহেরের অনুজ অধ্যাপক ড. আনোয়ার হোসেন।
দলীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি মইনউদ্দিন খান বাদল, সহ-সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, কেন্দ্রীয় সহ-সভাপতি ও মহানগর জাসদের সভাপতি মীর হেসাইন আখতার প্রমুখ।
