২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে এলপি গ্যাসের গলাকাটা দাম

কক্সবাজারে জ্বালানী এলপি গ্যাসের সংকট তীব্র আকার নিয়েছে। এই সুযোগে ডিলাররাও বাড়িয়ে দিয়েছে গ্যাস সিলিন্ডারের দাম।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2006, 08:29 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

এখন সিলিন্ডার প্রতি গ্যাস বিক্রি হচ্ছে ৯৫০ টাকা থেকে ১ হাজার টাকায়। অথচ কিছুদিন আগেও এগুলোর দাম ছিল ৬০০ থেকে ৬৫০ টাকা। কক্সবাজারে গ্যাস লাইন না থাকায় চট্টগ্রাম থেকে ডিলাররা সিলিন্ডার এনে এখানে বিক্রি করেন।

কক্সবাজারে টোটাল গ্যাস, বসুন্ধরা ও ক্লিনহিট গ্যাসের এজেন্ট রয়েছে। প্রতি মাসে গ্যাসের চাহিদা ১৫ থেকে ১৮ হাজার সিলিন্ডার। কিন্তু চাহিদার তুলনায় ডিলাররা পাচ্ছেন মাত্র কয়েক হাজার সিলিন্ডার গ্যাস। শহরে ৩১ জন বৈধ লাইসেন্সধারী ব্যবসায়ী থাকলেও পানের দোকান থেকে ঔষধের দোকান এমনকি মুদির দোকানেও অবৈধভাবে ওই গ্যাস সিলিন্ডার বিক্রি হয় বলে অভিযোগ রয়েছে। অথচ এ ব্যাপারে প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না।

গ্রাহকদের অভিযোগ, লাইনের গ্যাস না থাকায় বিভিন্ন সময় গ্যাসের ডিলাররা ইচ্ছেমতো সংকট সৃষ্টি করে গলাকাটা দামে তা বিক্রি করে। তবে গ্যাস ডিলাররা অভিযোগ অস্বীকার করে বলেছেন, তারা চাহিদার তুলনায় গ্যাস সিলিন্ডার সরবরাহ পাচ্ছেন না বলেই এ সংকট সৃষ্টি হয়েছে।

কক্সবাজার এলপি গ্যাস ডিলার ও দোকান মালিক সমিতির সভাপতি আলহাজ ফজল আহমদ কোম্পানী ও সাধারণ সম্পাদক সাহেদ চৌধুরী গ্যাসের কৃত্রিম সৃষ্টির অভিযোগ অস্বীকার করে বলেন, দেশের চাহিদামতো অপরিশোধিত তেল দেশে আসছে না। তাই ইষ্টার্ন রিফাইনারি ও এলপিজি দেশের চাহিদা মতো সিলিন্ডারও তৈরি করতে পারছে না। ফলে তারা তাদের লাইসেন্স নিয়ে গ্যাসের জন্য চট্টগ্রাম শহরে গিয়ে দিনের পর দিন অবস্থান করেও গ্যাস সিলিন্ডার পান না। যতদিন দেশে তেলের সংকট থাকবে ততদিন গ্যাস সংকটও যাবে না বলে তিনি মন্তব্য করেন।

জেলা প্রশাসক মুহাম্মদ আমিনুল ইসলাম জানান, বাজার পরিস্থিতি ও গ্যাস সংকট নিয়ে তদারকির জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কে দায়িত্ব দেওয়া হয়েছে।