২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ নিহত

নবীনগর-কালিয়াকৈর সড়কে সোমবার পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ৪৫ জন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2006, 05:52 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

এ ঘটনায় নবীনগর-কালিকাকৈর সড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।

নিহতরা হলেন সাভার বিমান পোল্ট্রির প্রকৌশলী আহসান উল্লাহ (৪০), আফজাল হোসেন (২৫) নূর আলম ও অজ্ঞাত একজন। আফজালের বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর এবং নূর আলমের বাড়ি মানিকগঞ্জ জেলার ঘিওর থানার কড়চা বাধা গ্রামে বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোর ৪টার দিকে আশুলিয়া থানা সংলগ্ন সড়কে দাঁড়িয়ে ধাকা বিকল একটি ট্রাক (ঢাকা মেট্রো ন-৬১৬২) কে লালমনিহাটের বুড়িমারি থেকে ঢাকাগামী অপর একটি ট্রাক(ঢাকা মেট্রা ট-১১-৪৪৫৪) পেছন দিক থেকে সজোড়ে ধাক্কা দিলে তা রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই দুই ট্রাকের হেলপার আফজাল হোসেন এবং নূর আলম মারা যায়। নিহতদের লাশ থানা পুলিশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। আহত হয়েছে ট্রাকের চালকসহ পাঁচজন। তাদের স্থানীয় রাবেয়া ক্লিনিক-২ এ ভর্তি করা হয়েছে।

সাভার থানা পুলিশ দুর্ঘটনার শিকার ট্রাক দুটি আটক করেছে।

অপরদিকে দুুপুর পৌনে একটার দিকে নবীনগর-কালিকাকৈর সড়কের বলিভদ্রবাজারের কাছে কালিয়াকৈরগামী যাত্রীবাহী একটি বাস (ঢাকা-জ-১৫৫) নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিক্সাভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী সাভার বিমান পোল্ট্রির প্রকৌশলী আহসান উল্লাহ ও অজ্ঞাত একজন মারা যান। এ ঘটনায় আহত হয় বাসের প্রায় ৪০ জন যাত্রী। আহতদের শহরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আশুলিয়া থানার এসআই শহিদুল আলম বলেন, দুটি ঘটনায়ই মামলা দায়ের করা হয়েছে।