রায়পুরায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন রায়পুরা উপজেলার শ্রীনগরে সোমবার । আহত হন উভয় পক্ষের আরও ৩০ জন।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামানের সাথে ভেলুয়া গ্রামের আওয়ামী লীগ নেতা মোগল মিয়ার বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে । এর জের ধরে সোমবার সকালে মোগল মিয়ার নেতৃত্বে এলাকার মানুষ জামানের দেহরক্ষী শওকত আলী মেম্বারের বাড়ি ভাংচুর ও লুটপাট করে। এ সময় তারা আশপাশের ৫টি বাড়িও ভাংচুর করে।
পরে জামানের লোকজন মোগল মিয়ার লোকজনের ওপর পাল্টা হামলা চালালে ইভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এক পর্যায়ে শওকত আলী মেম্বারের ভাই শফর আলী (৪২) টেটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
আহত ৩০ জনের মধ্যে আওয়ামী লীগ সমর্থক মনসুর আলীকে (৬০) মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্যদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের ব্যাপারে রায়পুরা থানা আওয়ামী লীগ সভাপতি আফজাল হোসেন জানান, ঘটনাটি তিনি শুনেছেন। তবে কতটুকু সত্য তা এখনো জানতে পারেননি।
এছাড়া রায়পুরা থানা বিএনপি সভাপতির সাথেও যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাকে পাওয়া যায়নি।
রায়পুরা থানার নাম প্রকাশে অনিচ্ছুক এক এসআই জানান, ঘটনাস্থল দুর্গম এলাকায় হওয়ায় পুলিশের পৌঁছাতে বেশ সময় লেগে যায়। বিকেল ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২০ ব্যক্তিকে গ্রেপ্তার করে। তবে কোন পক্ষই মামলা করেনি বলে ওই তিনি জানান।
