২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বব্যাপী দুর্নীতির সূচকে বাংলাদেশ এখন চারটি দেশের সামনে

২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত বার্লিন ভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) এর দুর্নীতির সূচকে প্রথম স্থানটি বাংলাদেশের দখলেই ছিল। কিন্তু এবার সেই কলঙ্কের কালিমা কিছুটা হলেও মুছে দিতে পেরেছে বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2006, 06:22 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

২০০৬ সালে আন্তর্জাতিক দুর্নীতির সূচকে (সিপিআই-করাপশান পারসেপশান ইনডেক্স) ২.০ স্কোর করে বিশ্বের ১৬৩ টি দেশের মধ্যে এবার বাংলাদেশের পেছনে আছে চারটি দেশ। একই স্কোর (২.০) নিয়ে বাংলাদেশের সঙ্গে সহাবস্থান করছে চাদ, কঙ্গো এবং সুদান।

১ দশমিক ৮ স্কোর নিয়ে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র হাইতি এবার ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত দুর্নীতির সূচকে বাংলাদেশের দখলে থাকা প্রথম স্থানটি কেড়ে নেয়।

এরপরেই যুগ্মভাবে দ্বিতীয় স্থানে আছে ইরাক (১.৯), মিয়ানমার (১.৯) ও গিনি (১.৯)।

দ্বিতীয় স্থানে যুগ্মভাবে তিনটি দেশ থাকায় ২.০ স্কোর নিয়ে বাংলাদেশ তৃতীয় হয়েছে।

সোমবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) এর এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

প্রতিবেদন প্রকাশ উপলক্ষে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টিআই এর বাংলাদেশ চ্যাপ্টারের প্রধান অধ্যাপক মোজাফফর আহমেদ বলেন, “আগের যেকোনো সময়ের তুলনায় দুর্নীতির দিক দিয়ে বাংলাদেশের অবস্থা আরও খারাপ হয়েছে বলেই আমার ধারণা ছিল। কিন্তু বাংলাদেশ এবার তৃতীয় স্থান পেয়েছে। অন্য দেশগুলো দুর্নীতির দিকে দিয়ে বাংলাদেশকে ছাপিয়ে যাওয়ার কারণেই এটা সম্ভব হয়েছে। ধন্যবাদ সেই দেশগুলোকে।”

টিআই এর ওয়েব সংস্করণে সংস্থাটির সভাপতি হুগেট লাবেলে বলেছেন, “দুর্নীতির কারণে লাখ লাখ মানুষ দরিদ্রগ্রস্ত হয়।” হুগেট বলেন, “দুর্নীতি দমন আইন ও নীতিমালা প্রণয়নের মধ্য দিয়ে গত এক দশকে উন্নতি হলেও আজকের এই দুর্নীতির ফলাফল এটাই প্রমাণ করে যে, সত্যিকার অর্থে বিশ্বের দরিদ্রতম দেশগুলোর জীবনমানের উন্নয়নে আমাদের করণীয় অনেক কিছুই রয়ে গেছে।”

টিআই এর পক্ষ থেকেও বলা হয়েছে, বাংলাদেশের অবস্থানের পরিবর্তনের অর্থ এই নয় যে এখানে দুর্নীতি হ্রাস পেয়েছে, বরং অন্যান্য দেশের দুর্বল স্কোরের কারণেই এটা সম্ভব হয়েছে। এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশকে মিয়ানমার ও কম্বোডিয়ার সঙ্গে যুক্ত করে বলা হয়েছে, এসব দেশে দুর্নীতি দমনে সক্ষম প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে রাজনৈতিক সদিচ্ছার অভাব ক্রমবর্ধমান দুর্নীতিকে জিইয়ে রাখে এবং দরিদ্র জনসাধারণের জীবনমান উন্নয়নের অগ্রগতিকে ব্যাহত করে।

টিআই এর প্রতিবেদন অনুযায়ী ১৬৩টি দেশের মধ্যে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে শীর্ষ স্থানে রয়েছে স্ক্যান্ডিনেভিয় দেশ ফিনল্যান্ড। এর স্কোর হলো ৯ দশমিক ৬। এরপরই একই স্কোর নিয়ে অবস্থান করছে আইসল্যান্ড ও নিউজিল্যান্ড।

প্রথম দশটি দেশের মধ্যে এশিয়ার একমাত্র দেশ হিসেবে ৯ দশমিক ৪ স্কোর নিয়ে সিঙ্গাপুরের অবস্থান হলো পঞ্চম আর ৮ দশমিক ৩ স্কোর পাওয়া হংকংয়ের অবস্থান ১৫তম। অন্যদিকে সার্কভূক্ত দেশগুলোর মধ্যে ভূটান রয়েছে সূচকের ওপরের দিকে ৩২ তম স্থানে। এর স্কোর হলো ৬ দশমিক।

এ ছাড়া দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর মধ্যে পাকিস্তান ২ দশমিক ২ স্কোর নিয়ে ১৪২ তম, নেপাল ২ দশমিক ৫ স্কোর নিয়ে ১২১ তম, শ্রীলংকা ৩ দশমিক ১ স্কোর নিয়ে ৮৪তম এবং ভারত ৩ দশমিক ৩ স্কোর নিয়ে ৭০তম স্থানে রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শিল্পোন্নত দেশগুলোর সূচকে তুলনামূলক উঁচুতে অবস্থান করলেও অনেকের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী যেসব দেশ দুর্নীতি সূচকে ক্রমশ নিচের দিকে যাচ্ছে সেগুলো হলো ব্রাজিল, কিউবা, ইসরায়েল, জর্দান, লাওস, সেশেল, ত্রিনিদাদ ও টোবাগো, তিউনিসিয়া এবং যুক্তরাষ্ট্র। সূচকে উন্নতি হয়েছে বেশকিছু দেশের। সেগুলো হলো আলজেরিয়া, চেক প্রজাতন্ত্র, ভারত, জাপান, লাতভিয়া, লেবানন, মরিশাস, প্যারাগুয়ে, স্লোভেনিয়া, তুরস্ক, তুর্কমেনিস্তান এবং উরুগুয়ে।

টিআই জানায়, ২০০৬ সালের সূচকটি নয়টি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বাধীন প্রতিষ্ঠানের পরিচালিত ১২টি জরিপের ফলাফল। বাংলাদেশের ক্ষেত্রে এবার সিপিআইয়ের তথ্যসূত্র হিসেবে পাঁচটি প্রতিষ্ঠান পরিচালিত ছয়টি জরিপ ব্যবহার করা হয়েছে। এগুলো হলো, বিশ্বব্যাংকের কান্ট্রি পলিসি এন্ড ইনস্টিটিউশনাল অ্যাসেসেমেন্ট ২০০৫, ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট পরিচালিত কান্ট্রি রিস্ক সার্ভিস এন্ড কান্ট্রি ফোরকাস্ট ২০০৬, মার্চেন্ট ইন্টারন্যাশনাল গ্রুপ পরিচালিত গ্রে এরিয়া ডাইনামিকস ২০০৬, ওয়ার্ল্ড একনমিক ফোরাম পরিচালিত গ্লোবাল কমপিটিটিভনেস রিপোর্ট ২০০৫ ও ২০০৬ এবং ওয়ার্ল্ড মার্কেট রিসার্চ সেন্টার পরিচালিত রিক্স রেটিংস ২০০৬।

গত পাঁচ বছরে অবস্থার উন্নয়নের জন্য সরকারিভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা এ প্রশ্নের জবাবে অধ্যাপক মোজাফফর বলেন, কোনো শাসনামলের সঙ্গেই এর সম্পৃক্ততা ছিল না।