লক্ষ্মীপুর পলিটেকনিকে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ, শিক্ষকসহ আহত ২৫
লক্ষ্মীপুরে পলিটেকনিক ইনস্টিটিউটে রোববার সকালে ছাত্রলীগ ও শিবির কর্মীদের মধ্যে সংঘর্ষে দুই শিক্ষকসহ আহত হয়েছে ২৫ জন।
আহতদেরকে সদর হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকে পাঠানো হয়েছে।
জানা গেছে, লক্ষ্মীপুরে নবপ্রতিষ্ঠিত পলিটেকনিক ইনস্টিটিউটে সকালে নাস্তা খাওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের মুরাদ নামের এক কর্মীর সাথে ছাত্রশিবিরের মামুনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় ইটপাটকেল নিক্ষেপ ও বেধড়ক লাঠিপেটায় দুই শিক্ষকসহ ২৫ জন আহত হয়। সংবাদ পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। তবে এ পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
