একই দিনে হাসিনার বাসায় মানিক মিয়ার দুই ছেলে
মানিক মিয়ার দুই ছেলে একই দিনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে তার বাড়িতে দেখা করলেন।
ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার বড় ছেলে মইনুল হোসেন হাসিনার সঙ্গে কেবল সামাজিক সাক্ষাতের কথা বললেও ছোট ছেলে আনোয়ার হোসেন দেশর চলমান রাজনৈতিক পরিবেশ নিয়ে আলোচনার কথা জানান।
হাসিনার সঙ্গে আলোচনার বিষয়ে রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে দেওয়া সাক্ষাৎকারে দুই সহোদর এসব কথা জানান।
“শরীর খারাপ শুনে সাজুকে (স্ত্রী) সহ হাসিনাকে দেখতে গিয়েছিলাম। বিশ্বাস করেন এর মধ্যে কোনো রাজনীতি নেই”। শনিবার সন্ধ্যায় সুধা সদনে যাওয়ার কারণ বলতে গিয়ে একথা জানালেন ইত্তেফাক এর সম্পাদকমণ্ডলীর সভাপতি মইনুল হোসেন।
“হাসিনা এখন অনেক বড় নেত্রী হলেও একসময় আমরা একই পরিবারের সদস্যের মত ছিলাম। একারণে যখন শুনলাম শারীরিকভাবে তিনি ভালো নেই, তাকে দেখতে না গিয়ে পারলাম না” সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি মইনুল জানালেন।
হাসিনা সম্পর্কে মইনুল বললেন, “কানে আর গলায় সামান্য ব্যথা বাদ দিলে হাসিনা এখন ভালোই আছেন। তাকে একটু উৎফুল্লও মনে হলো”।
সুধা সদনে বৈঠক নিয়ে ইত্তেফাকের সম্পাদক আনোয়ার হোসেন জানালেন, “হাসিনার সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করলেও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি। একই দিনে খালেদা জিয়ার সঙ্গে আমার দেখা হয়েছে। এদের দুজনকেই আমার মনে হয়েছে নির্বাচনমুখী”।
দেশের পরিস্থিতি প্রসঙ্গে আনোয়ার হোসেন বলেন, “এদের দুইজনের সঙ্গে কথা বলে আমার মনে হয়ছে যে, হাসিনা ও খালেদা নিজেদের মধ্যে কথা বললেই অনেক সমস্যার সমাধান হয়ে যেতো”।
হাসিনার নেতৃত্বাধীন ১৪-দলে যাওয়া প্রসঙ্গে আনোয়ার হোসেন বললেন, “এসব বিষয়ে তো এতো উপরের পর্যায়ে সিদ্ধান্ত হয় না। সবকিছুই নির্ভর করে দলের নেতা-কর্মীদের উপরে। তবে আল্লাহর রহমতে ৪ দল বা ১৪ দল যেকোনো জোটেই আমরা যেতে পারি”।
