বরিশালে ট্রলারে ডাকাতি, ২৫ লাখ টাকা লুট, আহত ১০
জেলার সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বুখাইনগর গ্রামের কালাবাদর নদীতে একটি ট্রলারে একদল ডাকাত রোববার সকালে হামলা চালিয়ে নগদ প্রায় ২৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় ১০ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে আ: হাই (২৩), আ: রশিদ (৬০), জাকির (৩৫), কামাল (৫৫) এবং ট্রলার মালিকের ভাই তমাল পাল (২৫) কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ট্রলার মালিক তপন পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দরের ব্যবসায়ীরা সকাল নয়টার দিকে নগদ টাকা নিয়ে মালামাল কেনার জন্য ট্রলারে করে বরিশাল যাচ্ছিলেন। ট্রলারটি কালাবাদর মোহনায় আসা মাত্রই মেহেন্দিগঞ্জ ও কীর্তনখোলা নদীর মোহনা থেকে তিনটি স্পিডবোটে ১২/১৫ জন ডাকাত তাদের ওপর হামলা চালিয়ে নগদ টাকা লুট করে নেয়। ডাকাতদের বহনকারী স্পিডবোটটিতে রিয়াদ এন্টারপ্রাইজ লেখা ছিল বলে তিনি উল্লেখ করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, ট্রলার মালিক কিংবা ক্ষতিগ্রস্তদের কেউ এখনও তার কাছে আসেননি।
