জামাতকর্মী হত্যা মামলায় ১৪ দলের নেতা-কর্মীদের আগাম জামিন
ছয় জামাতকর্মী হত্যা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলসহ ৩৭ জন ১৪ দলের নেতা-কর্মী হাইকোর্ট থেকে আগাম-অন্তবর্তীকালীন জামিন নিয়েছেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল জলিল, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন জাসদ সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে ১৪ দলের নেতা-কর্মীরা রোববার সকালে হাইকোর্টে যান।
বিচারপতি মোঃ আবদুল মতিন এবং বিচারপতি আবু কাওসার মোঃ দবিরুসসান ১৪ দলের নেতা-কর্মীদের আগাম জামিন মঞ্জুর করেন। পাশাপাশি কেন এ অভিযুক্তদের জামিন দেওয়া হবে না ওই বেঞ্চ সরকারকে তার কারণ জানাতে বলেছেন।
অভিযোগে বলা হয় ২৮ অক্টোবর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জামাতের সমাবেশ ১৪ দলের নেতাকর্মীরা হামলা চালিয়ে ৫০০ জনকে আহত করে। পরে এদের ছয়জন মারা যায়।
জামায়াতে ইসলামীর এ টি এম সিরাজুল ইসলাম বাদী হয়ে পরদিন রমনা থানায় ১৪ দলের ৩৭ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে।
জামিন আবেদনকারীদের পক্ষে মামলা পরিচালনা করেছেন, ব্যারিস্টার আমীর উল ইসলাম, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ এবং আব্দুল বাসেত মজুমদার প্রমুখ।
