বিএনপি ঘরানা থেকে বের হতে পারেনি বিটিভি
বিটিভি শনিবার তাদের রাত ৮টার সংবাদে বিএনপি ও এর জোট শরীকদের প্রতি পক্ষপাতিত্ব দূর করতে ব্যর্থ হয়েছে।
শনিবার সংবাদের মূল শিরোনাম ছিল আন্তর্জাতিক সমবায় দিবসের খবরটি। স্থায়ীত্ব ছিল দুই মিনিট।
এরপরেই ছিল রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইয়াজউদ্দিন আহম্মেদের সাথে বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার বৈঠকের খবর। খবরটি প্রচারে বিটিভি ব্যয় করে দুই মিনিট ১৫ সেকেন্ড।
১৪ দলীয় জোটের খবরটি তৃতীয় শিরোনাম হিসেবে এলেও এর জন্য বরাদ্দ ছিল ৪০ সেকেন্ড। এরপরেই ছিল হাওয়া ভবনে খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত চার দলীয় জোটের বৈঠকের খবর। এর স্থায়ীত্ব ছিল ৪৫ সেকেন্ড।
কিন্তু দুদিন ধরে দুই উপদেষ্টার সুধা সদন যাওয়ার বিষয়টি চার দলীয় জোটের পক্ষ থেকে ব্যাপক সমালোচিত হলেও এ বিষয়ে তথ্য উপদেষ্টা মাহবুবুল আলমের দেওয়া বক্তব্য বিটিভি এড়িয়ে যায়।
উল্লেখ্য, তথ্য উপদেষ্টা শনিবার জানান, এরা দুজন উপদেষ্টা পরিষদের অনুমতি নিয়েই সুধা সদনে গিয়েছিলেন।
পনের মিনিটের সংবাদে শনিবার আন্তর্জাতিক ও খেলার খবর প্রচারিত হয় পাঁচ মিনিট ধরে।
এছাড়া সংবাদে জামাতে ইসলামী, কমুনিস্ট পার্টি, নির্বাচন কমিশন, ছাত্র সংগ্রাম পরিষদ ও সর্বদলীয় ছাত্র ঐক্যের খবর প্রচারিত হয়।
