কিশোরগঞ্জে সংঘর্ষ ॥ পুলিশের গুলি, নিহত ১, ইউএনওসহ আহত শতাধিক
দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ থামাতে পুলিশের গুলিতে শাফি উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তি নিহত ও শতাধিক আহত হয়েছেন শনিবার ভোরে ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নে।
আহতদের মধ্যে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল আলম, এএসআই গাজিউল হকও রয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে শুক্রবার কুমিরমার এবং চরেরকান্দা গ্রামবাসীর মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে শনিবার ভোরে উভয় পক্ষ মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
খবর পেয়ে ইউএনও পুলিশ নিয়ে ঘটনাস্থলে এলে গ্রামবাসীরা তাদের ওপরও হামলা চালায়। পুলিশ সংঘর্ষ বন্ধ করতে প্রায় ৫০ রাউন্ড গুলিবর্ষণ করে। এ সময় জনতা ৬ পুলিশকে প্রায় ৫ ঘন্টা আটকে রাখে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মধ্যস্থতায় তাদের ছেড়ে দেওয়া হয়।
পুলিশের গুলিতে এবং দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের প্রায় শতাধিক লোক আহত হয়। এদের মধ্যে বশির উদ্দিন (৫০), তাহের (৪৫), জামাল (৩২), অহিদ (৩৫), আফরোজ মিয়া (৫৫), এবং কাসেমের (২৭) অবস্থা গুরুতর। তাদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে কিশোরগঞ্জের পুলিশ সুপার খন্দকার গোলাম ফারুক বলেন, সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি পুলিশ এবং র্যাবের নিয়ন্ত্রণে রয়েছে।
