ডাক্তারদের নতুন সংগঠন হচ্ছে এলডিপির ব্যানারে
ডাক্তাররা নতুন সংগঠন করতে যাচ্ছেন নবগঠিত এলডিপির ব্যানারে । এ সংক্রান্ত ঘোষণা রোববার সন্ধ্যায় দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
লিবেরাল ডক্টরস অ্যাসোসিয়েশন (এলডিএ) নামের ওই সংগঠনটির সদস্য হবেন বিএনপি সমর্থিত ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) পদত্যাগকারী সদস্যরা ।
সংগঠনটির প্রধান পৃষ্টপোষক হিসেবে থাকবেন ডা. বদরুদ্দোজা চৌধুরী।
সংশিষ্ট কয়েকটি সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, এলডিপির বারিধারা কার্যালয়ে এলডিএর প্রস্তুতিমূলক কমিটির সভার পর রোববার সন্ধ্যায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হতে পারে।
ড্যাবের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন ডা. রফিক চৌধুরীকে আহ্বায়ক করে ৫১-সদস্যবিশিষ্ট একটি প্রস্তুতিমূলক কমিটি গঠন করা হবে। এই কমিটি বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে সদস্য নির্বাচন ও তাদের সংগঠিত করবেন।
এ প্রসঙ্গে ডা. রফিক জানান, “কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি জেলা ও উপজেলা পর্যায়ে সদস্যদের নির্বাচিত করবেন। আমরা এখন নতুন সংগঠনটির জন্য সংবিধান প্রণয়নের চূড়ান্ত পর্যায়ে রয়েছি।”
এলডিএতে যোগ দিতে ড্যাবের যেসব সদস্য পদত্যাগ করেছেন তাদের মধ্যে রয়েছেন সংগঠনটির উপদেষ্টা ডা. গাজী আব্দুল হক, সাবেক প্রতিষ্ঠাতা সদস্য ডা. আনিসুর রহমান, স্বাস্থ্যসেবা অধিদপ্তরের পরিকল্পনা বিভাগের সাবেক পরিচালক ডা. শাহাদাত হোসেন ও ন্যাশনাল মেডিক্যাল কলেজের সহকারি অধ্যাপক ডা. মোস্তফা কামাল।
