ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ
ঝিনাইদহের একটি আদালত বৃহস্পতিবার স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছেন।
জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুনাল আদালতের বিচারক সাকম আনিছুর রহমান এই রায় দেন। সেইসাথে আদালত আসামীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন।
মামলার বিবরণে জানা যায়, নিহত ময়না খাতুনের বাড়ি সদর উপজেলার কাশিমপুর গ্রামে। ২০০৩ সালের ৫ নভেম্বর ছনোয়ার হোসেনের সাথে তার বিয়ে হয়। এরপর থেকে সে ময়নার কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল।
এর মধ্যে ৮০ হাজার টাকা যৌতুক দেওয়া হলেও বাকি ২০ হাজার টাকার জন্য ছনোয়ার ময়নার ওপর নির্যাতন চালাতে থাকে। ২০০৫ সালের ১৪ মার্চ রাতে সে তাকে শারিরীকভাবে নির্যাতন চালানোর পর গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে ময়না আত্মহত্যা করেছে বলে প্রচার করে।
এ ঘটনায় প্রথমে ঝিনাইদহ সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। এরপর ময়নার বোন পারুলা খাতুন ২০০৫ সালের ২০ মার্চ ঝিনাইদহ আমলী আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।
আদালত ওই মামলাটি পরে থানায় পাঠিয়ে দেন।
এরপর পোস্ট মর্টেম রিপোর্টে ময়নাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে উল্লেখ করা হয়।
পুলিশী তদন্তের পর ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে দোষি প্রমাণিত হওয়ায় আদালত ছনোয়ারকে ফাঁসির রশিতে ঝুলিয়ে মৃত্যু কার্যকর করার আদেশ দেন।
এতে রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ পিপি অ্যাডভোকেট মসিউর রহমান। আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুর রশিদ (৩)।
