২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডা. সুফিয়া রহমানের দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

তত্ত্বাবধায়ক সরকারের সদ্য নিযুক্ত উপদেষ্টা ডা. সুফিয়া রহমানের দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2006, 09:47 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

বৃহস্পতিবার ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ এন্ড এসোসিয়েটস থেকে দেওয়া এক চিঠিতে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হতে হলে সংবিধানে কিছু শর্ত পূরণ করতে হয়। ওই শর্ত মতে কোনো উপদেষ্টাই অন্য একটি দেশের নাগরিক হতে পারেন না।

বুধবার প্রকাশিত দৈনিক সংবাদের একটি প্রতিবেদন উদ্ধৃত করে বলা হয়, এতে বলা হয়েছে ডা. সুফিয়া যুক্তরাজ্যেরও নাগরিক।

চিঠিতে বলা হয়েছে, ‘পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আপনার যদি যুক্তরাজ্যের নাগরিকত্ব থেকে থাকে তবে আপনি উপদেষ্টা হিসেবে মনোনয়ন পাওয়ার যোগ্য নন।’

চিঠিতে আরও বলা হয়, ‘ দ্বৈত নাগরিকত্ব থেকে থাকলে উপদেষ্টার পদ ছেড়ে দেওয়া আপনার জন্যে সমীচিন হবে।’

ল ফার্মটি চিঠিতে সাংবিধানিক বিধির উল্লেখ করে বিষয়টি প্রধান উপদেষ্টাকে জানানোর জন্য উপদেষ্টা সুফিয়া রহমানকে অনুরোধ জানিয়েছে।

ডা. সুফিয়া রহমানকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে।

যোগাযোগ করা হলে ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ এন্ড এসোসিয়েটস থেকে বলা হয়, ‘সুফিয়া রহমানের বিরুদ্ধে আমরা অবস্থান নেইনি। এটা শুধু সংবাদপত্রে প্রকাশিত একটি প্রতিবেদনের উপর ভিত্তি করে পাঠানো একটি চিঠি মাত্র। এটা কোনো আইনি নোটিস নয়। এটার মধ্যে কোনো রাজনীতি নেই।’

আইনজীবীরা বলেছেন, বিষয়টি সাংবিধানিক। সুফিয়া রহমানের একটি বিদেশী পাসপোর্ট থাকলে বুঝে নিতে হবে যে, তার ‘ব্যাকগ্রাউন্ড’ পরীক্ষায় ভুল রয়ে গেছে।

চিঠিতে বলা হয়, ‘সুফিয়া রহমানের বিদেশী পাসপোর্ট থাকার বিষয়টি যদি সত্যি হয় তবে পূর্ববর্তী প্রশাসন ও রাষ্ট্রপতির কার্যালয় দুটোই ব্যর্থ হয়েছে বলে ধরে নেওয়া হবে। সুফিয়া রহমানকে আমরা সন্দেহমুক্ত করার একটি সুযোগ দিচ্ছি।’