লালমনিরহাট সীমান্ত থেকে অপহৃত ৫ বাংলাদেশী ফিরে এসেছে
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর পাঁচ বাংলাদেশী কৃষক অপহরণ ঘটনার নাটকীয় সমাধান হয়েছে।
গ্রামবাসী ও বিডিআর সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের দুর্গাপুর সীমান্তে বিএসএফ সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে ওই এলাকার হাবিবুর রহমান হবি, মফিজার রহমান, রহিদুল, মোফাজ্জল ও হোসেনকে ধরে নিয়ে যায়।
ঘটনার পরপরই আটককৃতদের ফিরিয়ে দিতে বিডিআর পঞ্চায়েত হাজী ক্যাম্পে চিঠি পাঠালেও কোন সাড়া পাওয়া যায়নি। এদিকে মঙ্গলবার রাতে বাংলাদেশের দুর্গাপুর হাসপাতালের সামনে থেকে বিডিআর ভারতের দিনহাটা থানার কাউরাই গ্রামের সোনা, জহর আলী, জোহা উদ্দিন, নাজমুল ও ভোলা নামের পাঁচ চোরাকারবারিকে আটক করে।
এই ঘটনার পর বুধবার সকালে দূর্গাপুর সীমান্তের ৯২৫ নম্বর মেইন পিলারের ৮ নম্বর সাব পিলারের বাংলাদেশী অংশে উভয় দেশের কোম্পানী পর্যায়ে বিষয়টির সমঝোতা করতে পতাকা বৈঠক শুরু হয়। বৈঠক শেষে উভয় দেশে আটককৃতদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়।
