৩১ বছর পর মোহাম্মদপুরে ৭ হত্যার বিচার শুরু
৩১ বছর পর ১৯৭৫ সালের ১৫ আগস্ট কামানের গোলায় নগরীর মোহাম্মদপুরে ৭ জন হত্যার বিচার শুরু হচ্ছে।
বুধবার লেঃ কর্ণেল (অবঃ) সৈয়দ ফারুক রহমান এবং লেঃ কর্ণেল (অবঃ) শাহরিয়ার রশিদ খানসহ ১৫ জনের বিরুদ্ধে এ মামলার অভিযোগ গঠন করা হয়েছে। ২৫ জানুয়ারি থেকে মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে নাজিম উদ্দিন রোডের বিশেষ এজলাসে ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মঞ্জুরুল বাছিদ এই তারিখ নির্ধারণ করেন। বিচারক মামলার জব্দ তালিকা প্রস্তুতকারী পুলিশ কর্মকর্তা সুব্রত ব্যানার্জীর সাক্ষ্য নিয়েছেন।
ক্যান্টনমেন্ট থানার তৎকালীন এসআই সুব্রত আদালতে অস্ত্র, গুলি ও বিস্ফোরক আলামত হিসাবে উপস্থাপন করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সময় কামানের গোলায় নগরীর মোহাম্মদপুর এলাকায় সাতজন নিহত হন। ঘটনার পর ১৯৯৬ সালের ২১ নভেম্বর নিহতের আত্মীয় মোহাম্মদ আলী মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে পুলিশ ১৭ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন। তাদের মধ্যে খন্দকার মুশতাক আহমেদ ও অপর একজন ইতিমধ্যে মারা গেছেন।
মামলার আসামীদের মধ্যে ফারুক রহমান, বজলুল হুদা, শাহরিয়ার রশিদ ও মহিউদ্দিনকে বুধবার আদালতে হাজির করা হয়। মামলায় জামিনপ্রাপ্ত আসামি তাহেরউদ্দিন ঠাকুরও আদালতে উপস্থিত ছিলেন। তবে মেজর ডালিমসহ অপর ১০ আসামী এখনো পলাতক রয়েছে।
