রাষ্ট্রপতির সামরিক সচিবকে প্রত্যাহারের দাবি
বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও পেশাজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেছেন, রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের প্রক্রিয়ায় একটি মহলের নির্দেশে পর্দার অন্তরালে কাজ করেছে রাষ্ট্রপতির সামরিক সচিব।
মঙ্গলবার দুপুরে বার কাউন্সিল ভবনে সূত্রের নাম উল্লেখে অপারগতা প্রকাশ করে রোকনউদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, কে এই সামরিক সচিব? তাকে রাষ্ট্রপতির সামরিক সচিবের পদ থেকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
রাষ্ট্রপতির সামরিক সচিব সাবেক প্রধান বিচারপতি মাহমুদূল আমীন চৌধুরীকে ফোন করেছিলেন বলে তথ্য আছে দাবি করে ব্যারিস্টার রোকনউদ্দিন বলেন, একটি দল তার নিয়োগের ব্যাপারে রাজি নয়। সামরিক সচিব দু’বার মাহমুদূল আমীন চৌধুরীকে ফোনে একথা বললেও চৌধুরী বলেছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হতে তিনি রাজী আছেন।
